‘২০১৪ থেকে ২০১৯ পর্যন্ত সম্পর্ক, ধর্মের কারণে মানেনি পরিবার’— ভেঙে পড়েন অমল মালিক

আপডেট : ১৩ জুলাই ২০২৫, ১৩:৫৮

বলিউডের জনপ্রিয় সংগীত পরিচালক ও গায়ক আমাল মালিক। গানের জগতে একাধিক হিট গান উপহার দিয়েছেন তিনি। কবির সিং এর মতো সুপারহিট অ্যালবামের পেছনে রয়েছে তারই সুর। এছাড়াও ১২৬টি গানের সঙ্গে জড়িয়ে আছে তার নাম। 

প্রথমবারের মতো তার ভাঙা প্রেম, ধর্মীয় বিভাজন ও পারিবারিক টানাপোড়েন নিয়ে খোলাখুলি কথা বলেছেন আমাল মালিক। সিদ্ধার্থ কাননের সঙ্গে এক সাক্ষাৎকারে হৃদয়ের গোপন কষ্ট প্রকাশ করে আমাল জানান, ২০১৪ থেকে ২০১৯ সাল পর্যন্ত পাঁচ বছরের দীর্ঘ এক সম্পর্কে ছিলেন তিনি। কিন্তু তার ধর্মীয় পরিচয় ও চলচ্চিত্র শিল্পে কাজ করার পেশাগত পটভূমির কারণে সেই সম্পর্কের ইতি ঘটে।

আমাল বলেন, ‘এটাই প্রথমবার, আমি আমার সম্পর্ক নিয়ে এতটা খোলামেলা বলছি। কিন্তু এখন বলার সময় এসেছে।’ তিনি জানান, সম্পর্কটি ভেঙে যাওয়ার ধাক্কা তাকে মানসিকভাবে বিধ্বস্ত করে দিয়েছিল। সেই সময় তিনি কবীর সিং ছবির সংগীত পরিচালনায় ব্যস্ত ছিলেন, যা তার মতে ছিল ‘সবচেয়ে কষ্টের সময়’।

একটা গিগে যাওয়ার পথে প্রেমিকার ফোন পেয়েছিলেন আমাল। ফোনে তিনি জানান, বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন। তবে আমালের চাওয়ায় পালিয়ে যাওয়ার কথাও জানান। উত্তরে আমাল বলেন, ‘তোমার পরিবার যদি আমার ধর্ম ও পেশাকে সম্মান করতে না পারে, তবে আমি তোমার মঙ্গল কামনা করি।’ নিজের মধ্যে দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে-র শাহরুখ খানের মতো অনুভব হয়েছিল বলেও উল্লেখ করেন তিনি।

ধর্মীয় পরিচয় নিয়েও আমাল মালিক অকপটে বলেন, তার বাবা মুসলিম, মা হিন্দু—আর তিনি নিজেকে ভাবেন ধর্মীয়ভাবে নিরপেক্ষ। ‘আমি মাউন্ট মেরি গির্জায় যাই যখন মন খারাপ থাকে। আমরা ঈশ্বরে বিশ্বাস করি, ভয় নয়। আমি কোনো ধর্ম অন্ধভাবে মানি না। প্রতিটি ধর্মকেই আমরা সম্মান করি।’

তবে প্রেমিকার পরিবার তাকে শুধুই মুসলিম পরিচয়ে দেখতো। ‘তারা জাঠ ছিলেন। শুধু বলতেন, “তুমি মুসলিম পটভূমি থেকে এসেছ।” অথচ বাস্তবে আমার মাঝে ইসলামের ‘ই’ পর্যন্ত নেই।’

এই কঠিন সময়েই কবীর সিং ছবির জন্য মাত্র ২০ মিনিটে ছয়টি গানের কাজ শেষ করলেও, শেষ পর্যন্ত কেবল একটি গানই রাখা হয় তার। ‘শুধু পরিচালক স্যান্ডিপ রেড্ডি ভাঙ্গা লড়াই করেছিলেন বলেই একটা গান রাখা হয়। ইন্ডাস্ট্রিতে তখনও বিশ্বাসঘাতকতা ছিল, এখনো আছে। তবে ব্রেকআপের সঙ্গে এই অভিজ্ঞতা একসঙ্গে এসে আমাকে মানসিকভাবে অনেকটা ভেঙে দেয়।’

সাক্ষাৎকারে আমাল আরও জানান, ছোটবেলা থেকেই পরিবারের ভেতরে তিনি নানা টানাপোড়েনের শিকার। সবসময় ভাই আরমান মালিকের সঙ্গে তার তুলনা করা হতো, যা তাকে মানসিকভাবে আঘাত করত। এখনো পরিবারের সঙ্গে অনেক সমস্যার সমাধান হয়নি বলেও জানান তিনি।

ইত্তেফাক/এনএন