অনূর্ধ্ব-২৩ ট্রায়াল দেওয়া হাফ ডজন প্রবাসী ফুটবলার ডাক পাচ্ছেন

আপডেট : ১৩ জুলাই ২০২৫, ১৬:৪৫

জাতীয় ফুটবল দল নিয়ে আগামী তিন বছরের জন্য একটি পরিকল্পনা করতে বৈঠক হয়েছে। ফিফার র‍্যাংকিং উন্নতি করতে জাতীয় দল নিয়ে বড় পরিকল্পনা করার প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটিতে। ফিফার উইনডোগুলো কাজে লাগাতে চায় বাফুফে। শুধু কাজেই লাগানো নয়, শক্তিশালী দলের বিপক্ষে ম্যাচ খেলার পরিকল্পনা রয়েছে। কিছু শক্তিশালী দেশের সঙ্গে যোগাযোগ করা হলে সেই সব দেশ নাকি বাংলাদেশের বিপক্ষে খেলতে রাজি হয়নি। 

আগামী ৬ ও ৯ সেপ্টম্বর কাঠামান্ডুতে নেপালের বিপক্ষে দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ। বাফুফে বলছে, নেপাল আগেই কনফার্ম করে ফেলায় তাদের আর ফিরিয়ে দেওয়া যায়নি। ভিয়েতনাম এবং কম্বোডিয়া বাংলাদেশের বিপক্ষে খেলতে রাজি হওয়ার আগেই নেপালের সঙ্গে বাফুফে চূড়ান্ত করে ফেলেছে। ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটির সভায় এসব আলোচনা হয়েছে। সভা হয়েছে রাজধানীর বেরাইদে। যেখানে ফর্টিস এফসির প্রতিষ্ঠান। 

বাফুফের সভাপতি ন্যাশনাল টিমস কমিটির চেয়ারম্যান তাবিথ আউয়াল সভায় পরিচালনা করেছেন। পরে সভা নিয়ে কথা বলেছেন, ফর্টিস গ্রুপের চেয়ারম্যান শাহাদাত হোসেন; ন্যাশনাল টিমস ম্যানেজমেন্ট কমিটির সদস্য তিনি। শাহাদাত হোসেন সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ফিফার র‍্যাংকিংয়ে উন্নতি করতে হলে ভালো ভালো ম্যাচ খেলতে হবে।' 

তিনি বলেন, 'আগামী তিন বছরের জন্য জাতীয় দল নিয়ে ফুটবল পরিকল্পনা করা দরকার। এই তিন বছর হবে দেশের ফুটবলের গুরুত্বপূর্ণ একটি রোডম্যাপ। জাতীয় ফুটবল দল নিয়ে সবকিছু আগে থেকে নির্ধারণ করা হবে। ফিফার প্রীতি ম্যাচগুলো উন্নত দেশগুলোর সঙ্গে খেলতে পারলে আমাদের র‍্যাংকিং উন্নতি হবে। এছাড়াও অন্যান্য আন্তর্জাতিক ফুটবল ম্যাচ তো আছেই।' 

শাহাদাত বলেন, 'আন্তর্জাতিক ম্যাচ খেলতে গেলে প্রচুর অর্থ খরচ হয়। একটা ম্যাচ খেলতে গেলে এখানে বাজেটেরও ব্যাপার রয়েছে। হামজা চৌধুরী আসার পর দেশের ফুটবলে অনেকের আগ্রহ বেড়েছে। এটা একটা পজিটিভ দিক। স্পন্সর আসছে। পজিটিভ বিষয়গুলো প্রাধান্য পেলে আরও স্পন্সর ফুটবলের প্রতি আগ্রহ দেখাবে।' 

২০২৬ সালে এশিয়ান কাপ অনূর্ধ্ব-২০ ফুটবলের খেলা। এটার বাছাই অনুষ্ঠিত হবে আগামী ৩-৯ সেপ্টেম্বর। ৪৪ দেশ খেলবে ১১টা গ্রুপে। প্রত্যেক গ্রুপে ৪টি করে দল। গ্রুপ পর্যায়ের খেলা হবে বিভিন্ন দেশে। 'সি' গ্রুপের বাংলাদেশ খেলা হবে ভিয়েতনামে। এই দুটি দল ছাড়াও গ্রুপে রয়েছে ইয়েমেন এবং সিঙ্গাপুর।অনূর্ধ্ব-২৩ ফুটবল দলে প্রবাসী ফুটবলারদের জায়গা করে দিতে চায় বাফুফে। অন্তত হাফ ডজন ফুটবলার ডাক পাচ্ছেন সেখানে। 

গত ১০ জুন ঢাকায় এশিয়ান কাপের বাছাইয়ে ইতালি প্রবাসী ফাহমিদুল ইসলামের পারফরম্যান্স ভালো ছিল না। তার চেয়ে সামিত সোম সবার নজর কেড়ে ছিলেন। ফাহমিদুলকে অনূর্ধ্ব-২৩ দলের ক্যাম্পে রাখার আলোচনা হয়েছে। ফাহমিদুল ছাড়াও প্রবাসী বাংলাদেশি ফুটবলার যুক্তরাষ্ট্রের জায়ান আহমেদ, ওয়েলসের সামির মিয়া, ইংল্যান্ডের একরামুল ক্যাসপার, ইংল্যান্ডের তোফায়েল তানিম, যুক্তরাষ্ট্রের বিতশোক চাকমা, ইংল্যান্ড কিউবা মিচেল প্রমুখ নামগুলো ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট সূত্রে জানা গেছে।

ইত্তেফাক/জেডএইচ