নিখোঁজের ১১ দিন পর শিবচরে নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার

আপডেট : ১৩ জুলাই ২০২৫, ২০:৫৬

মাদারীপুরের শিবচরে নিখোঁজ হওয়ার ১১ দিন পর ময়নাকাটা নদী থেকে এনায়েত শেখ (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১২ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শিবচর পৌরসভার ঠেঙ্গামারা এলাকা সংলগ্ন ময়নাকাটা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহার আলীর নেতৃত্বে পুলিশের একটি দল এ উদ্ধার অভিযান চালায়।

নিহত এনায়েত শেখ শিবচর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের নলগোড়া এলাকার ফকু শেখের ছেলে।

পরিবার সূত্রে জানা গেছে, গত ২ জুলাই রাত ১০টার দিকে কাউকে কিছু না বলেই বাড়ি থেকে বের হয়ে যান এনায়েত শেখ। এরপর তিনি আর ফিরে আসেননি। সম্ভাব্য আত্মীয়স্বজনদের বাড়ি ও আশপাশে খোঁজ নিয়েও কোনো সন্ধান মেলেনি। পরে ৫ জুলাই তার বড় ভাই ইলিয়াস শেখ শিবচর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজহার আলী জানান, রাত সাড়ে ১২টার দিকে স্থানীয়দের তথ্যের ভিত্তিতে ময়নাকাটা নদী থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের সদস্যরা নিহত ব্যক্তির শরীরের বিভিন্ন অংশ দেখে তাকে শনাক্ত করেন। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ইত্তেফাক/এএইচপি