‘গুলুমুলু লাগছে’, ওজন বাড়তেই ট্রলের শিকার দীপিকা

আপডেট : ১৪ জুলাই ২০২৫, ১৭:২৪

পৃথিবীতে কম বেশি সবাই ট্রলের শিকার হয়েই থাকেন। সেই ট্রলের শিকার থেকে রেহাই নেই বলিউড তারকাদেরও। এদিকে কয়েক মাস আগে কন্যা সন্তানের মা হন বলিউড অভিনেত্রী দীপিকা পাডুকোন। মা হওয়ার পর থেকে জনসমক্ষে দেখা যাচ্ছিলো না এই অভিনেত্রীকে। বেশ কিছুদিন মিডিয়ার আড়ালেই ছিলেন তিনি।

তবে সম্প্রতি শোনা যাচ্ছে, হাতে নতুন ছবির কাজ এসেছে দুয়ার মায়ের। শরীরে জমে যাওয়া মেদ ঝড়িয়েই নামবেন শুটিংয়ে। তবে এরই মধ্যে এক ভিডিওকে ঘিরে ট্রলের শিকার হয়েছেন ‘পাঠান’ খ্যাত এই অভিনেত্রী।

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, রোববার (১৩ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে দীপিকার একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওটিতে দেখা যায়, ঢিলেঢালা নীল রঙের লম্বা শার্ট, কালো রোদচশমা আর কাঁধে টোট ব্যাগ নিয়ে বেরিয়েছেন দীপিকা। হালকা সাজে, যেন খুবই সাধারণ আর স্বাভাবিক এক মুহূর্ত।

কিন্তু এমন সাধারণ সাঁঝে রেহাই মেলেনি দীপিকার। বরং পোশাক ও শরীর নিয়ে কটাক্ষে ভরে গেছে কমেন্টবক্স। একজন লিখেছেন, বাবার শার্ট পরে এসেছে নাকি! যা পারে গায়ে গলিয়ে নেয়।

এমনকি অভিনেত্রীর শরীর নিয়েও কটাক্ষ করা হয়েছে। একজন লিখেছেন, প্রেগন্যান্সির সময় তো দীপিকাকে এত মোটা লাগতো না। দিন দিন কেমন গুলুমুলু হয়ে যাচ্ছে।

আরেকজন লেখেন, এক ফোঁটাও সাজগোজ করেনি বেচারি। বোঝাই যাচ্ছে মেয়েকে নিয়ে ঠিক কতটা ব্যস্ত। তবে সব ট্রল আর গসিপের ভেতরেও ধীরে ধীরে নিজ জগতে-সিনেমার ক্যামেরার সামনে ফিরছেন দীপিকা।


 
পরিচালক অ্যাটলির আসন্ন সিনেমা ‘AA22XA6’-তে দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনের সঙ্গে তিনি জুটি বাঁধছেন। ছবিটির নির্মাতারা ইতোমধ্যে একটি ইন্ট্রো ভিডিও প্রকাশ করে দীপিকার অন্তর্ভুক্তি নিশ্চিত করেছেন। এছাড়া বহুল আলোচিত ‘কাল্কি ২’-তেও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন দীপিকা।

উল্লেখ্য, বর্তমানে নিজের পরিবার ও সন্তানকে সময় দিচ্ছেন দীপিকা। শারীরিক পরিবর্তনকে ঘিরে তার প্রতি যেভাবে ট্রল ছুঁড়ে দেওয়া হচ্ছে, তা শুধুই তারকা হওয়ার খেসারত- এমনটাই মত অনেক ভক্তের। কেউ কেউ আবার সোশ্যাল মিডিয়ায় দীপিকার পাশে দাঁড়িয়েছেন, লিখেছেন- একজন মা হওয়া সহজ নয়। সেই মাকে নিয়ে এমন মন্তব্য লজ্জাজনক।

 

ইত্তেফাক/এনটিএম