কিশোরগঞ্জে বাসচাপায় অটোরিকশা চালকসহ নিহত ২

আপডেট : ১৪ জুলাই ২০২৫, ১৭:৩১

কিশোরগঞ্জের ভৈরবে বাসচাপায় অটোরিকশা চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুজন। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সোমবার (১৪ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের পান্নাউল্লাহচর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ভৈরব উপজেলার গজারিয়া ইউনিয়নের বাঁশগাড়ি গ্রামের জালাল মিয়ার ছেলে নির্মাণ শ্রমিক জুয়েল মিয়া (৪৫) ও ভৈরব পৌর শহরের মনমরা এলাকার বাসিন্দা আলী হোসেনের ছেলে অটোরিকশার চালক কাইয়ুম (৩২)।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে গজারিয়া ইউনিয়নের বাঁশগাড়ি এলাকা থেকে ব্যাটারিচালিত একটি অটোরিকশায় করে কাজে যাচ্ছিলেন নির্মাণশ্রমিক জুয়েলসহ আরও দুইজন। অটোরিকশাটি পার্শ্ব রাস্তা থেকে মহাসড়কে উঠতে গেলে ময়মনসিংহগামী শ্যামল ছায়া পরিবহনের একটি বাস সেটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই এক যাত্রীর মৃত্যু হয় এবং গুরুতর আহত হন বাকি তিনজন।

পরে আহতদের উদ্ধার করে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান অটোরিকশার চালক কাইয়ুম মিয়া। বাকি দুই আহত যাত্রীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়েছে।

ভৈরব হাইওয়ে থানার উপ-পরিদর্শক রোকনুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করি এবং দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করি। নিহতদের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ইত্তেফাক/এমএএস