রাতে ফেসবুক পোস্ট, ভোরে ঢাবি শিক্ষার্থীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

আপডেট : ১৪ জুলাই ২০২৫, ১৮:১৯

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হলের নবনির্মিত রবীন্দ্র ভবনের নিচে থেকে সঞ্জু বারাইক (২৮) নামে এক শিক্ষার্থীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। পুলিশের প্রাথমিক ধারণা সঞ্জু ‘আত্মহত্যা’ করেছেন।

সোমবার (১৪ জুলাই) চিকিৎসকের বরাত দিয়ে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ মো. মাসুদ।

গতকাল রোববার দিবাগত রাত আড়াইটার দিকে ওই শিক্ষার্থী সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছিলেন।

ওই পোস্টে তিনি লিখেছিলেন, ‘আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমি দিনের পর দিন কাউকে ডিস্টার্ব করে গেছি, উল্টো মানুষকে দোষারোপ করা আমার একদম ঠিক হয়নি, আমি সকলের কাছে ক্ষমাপ্রার্থী। আমি দিনের পর দিন অন্যায় করেছি, নিজের দোষ ঢেকে অপরজনকে দোষ দেওয়া আমার ঠিক হয়নি। আমি সকলের কাছে ক্ষমা চাচ্ছি, আমার কারণে কারও কোনো ক্ষতি হলে সেই দায় একান্তই আমার, আমি ক্ষমা চাচ্ছি।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের ২০২০-২১ বর্ষের শিক্ষার্থী সঞ্জুর বাড়ি হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায়। থাকতেন জগন্নাথ হলে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দীন আহমেদ জানান, আজ ভোরের দিকে রক্তাক্ত অবস্থায় মরদেহটি পড়ে ছিল। উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।

সঞ্জু কিছুদিন ধরে ‘মানসিক সমস্যায়’ ভুগছিলেন বলে জানান জগন্নাথ হলের প্রাধ্যক্ষ দেবাশীষ পাল। এ বিষয়ে তিনি বলেন, ‘তার (সঞ্জু) বন্ধুদের সঙ্গে কথা বলে মানসিক সমস্যার বিষয়টি জানতে পারি। দুই দিন ধরে সে হলে ছিল না। আজ ভোর ৪টার দিকে সে হলে আসে। মিনিট দশেক পরে হলের ছাদে যায়।’

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মুনসুর বলেন, হলের সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, ওই যুবক ভবনের ছাদ থেকে পড়ে গেছেন। তবে তিনি পড়ে গেছেন নাকি লাফ দিয়েছেন, বিষয়টি নিশ্চিত নয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটা আত্মহত্যার ঘটনা। তদন্ত শেষে সঠিক কারণ জানা যাবে।

ইত্তেফাক/এমএএস