নোয়াখালীতে জোয়ারে ভেসে এলো যুবকের মরদেহ

আপডেট : ১৫ জুলাই ২০২৫, ১৪:৪৩

নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলায় মুছাপুর ক্লোজার বাঁধের ওপর জোয়ারের পানিতে ভেসে এসেছে এক যুবকের (২৫) মরদেহ। তবে এখনো তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

সোমবার (১৪ জুলাই) রাতে মুছাপুর ইউনিয়নের মুছাপুর ক্লোজার বাঁধের ব্লক থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, ওই যুবকের  অনুমানিক বয়স ২৪-২৫ বছর। তার গায়ে লাল গেঞ্জি ও পরনে সাদা প্যান্ট আছে। মাথার চুল পড়ে গেছে। পুরো শরীর ফ্যাকাসে হয়ে গেছে। চোখ দেখা যাচ্ছে না। ধারণা করা যাচ্ছে, বামনীয়া নদীর জোয়ারের পানিতে ভেসে এসেছে তার মরদেহটি। ভাটা পড়ায় ক্লোজার বাঁধের  ব্লকের উপর লাশটি আটকে যায়। পরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ।

কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) বিমল কর্মকার বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি জোয়ারের পানিতে ভেসে এসেছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

ইত্তেফাক/এপি