হাফ টাইমে বদলে গেল বাংলাদেশের ম্যাচ ভেন্যু

আপডেট : ১৫ জুলাই ২০২৫, ১৮:১৪

সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে ঘটেছে এক বিরল ঘটনা। বাংলাদেশ-ভুটানের মধ্যকার ম্যাচের প্রথমার্ধ হয়েছে বসুন্ধরা কিংস অ্যারেনায়। তবে দ্বিতীয়ার্ধ অনুষ্ঠিত হবে কিংস অ্যারেনার অনুশীলন গ্রাউন্ডে। আন্তর্জাতিক ম্যাচে দুই ভেন্যুতে হওয়ার ঘটনা বাংলাদেশে নেই।

মঙ্গলবার (১৫ জুলাই) সকাল থেকে ঢাকায় দফায় দফায় ঝুম বৃষ্টি হচ্ছে। এতে বসুন্ধরার কিংস অ্যারেনায় জমেছে পানি। এমন মাঠেও ১-০ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে বাংলার মেয়েরা। 

মাঠে পানি জমার কারণে আউটফিল্ড বেশ ভারী হয়ে রয়েছে। যেখানে খেলতে বেশ বেগ পেতে হচ্ছে ফুটবলারদের। খেলার কারণে মাঠের অবস্থা আরও বাজে হয়েছে। জঘন্য কর্দমাক্ত মাঠে শরীরের ভারসাম্য ধরে রাখাই দুরূহ হয়ে যাচ্ছে দুই দলের ফুটবলারদের জন্য। 

বার বার মাঠে আটকে যাচ্ছে বল। নিজেদের স্বাভাবিক খেলা খেলতে পারছেন না স্বাগতিকরা। রপরও ম্যাচের ষষ্ঠ মিনিটে দারুণ একটা সুযোগ কাজে লাগায় বাংলাদেশ। তৃষ্ণা রানীর শট ভুটানের গোলকিপার কোনোমতে থামালেও গ্লাভসবন্দী করতে পারেননি। ফিরতি শটে জালে জড়ান শান্তি মার্ডি।

১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ। এরপর বৃষ্টিতে মাঠ খেলার অনুপযুক্ত থাকায় এক ঘণ্টা অপেক্ষা করা হয়। মাঠকর্মীদের অক্লান্ত পরিশ্রমের পরেও মাঠ খেলার অনুপযুক্ত ছিল। এজন্য দুই দলের সঙ্গে আলোচনা করে কিংস অ্যারেনার অনুশীলন মাঠে পৌনে সাতটায় দ্বিতীয়ার্ধ আয়োজনের সিদ্ধান্ত হয়। 

কিংস অ্যারেনার অনুশীলন মাঠ অতি নিকটবর্তী স্টেডিয়ামের। সেটা টার্ফের হওয়ায় সেখানে পানি জমে না। অস্ট্রেলিয়ার মতো দলও সেখানে অনুশীলন করেছে।

ইত্তেফাক/জেডএইচ