'বুড়ো’ অ্যান্ডারসনের তরুণদের টেক্কা, ৪৩ বছর বয়সে দল পেলেন দ্য হান্ড্রেডে

আপডেট : ১৫ জুলাই ২০২৫, ১৯:৫৪

৪৩ বছরে পা রাখতে যাওয়া কিংবদন্তি পেসার জেমস অ্যান্ডারসন জায়গা করে নিয়েছেন ইংল্যান্ডের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ ‘দ্য হান্ড্রেড’-এর এবারের আসরে। ওয়াইল্ডকার্ড চুক্তিতে তাকে এক মৌসুমের জন্য দলে নিয়েছে ম্যানচেস্টার অরিজিনালস। এতে খরচ হয়েছে ৩১ হাজার পাউন্ড, বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫০ লাখ টাকা।

গত বছর আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেও, ঘরোয়া ক্রিকেটে নিয়মিতই খেলছেন অ্যান্ডারসন। সম্প্রতি ভাইটালিটি ব্ল্যাস্ট দিয়ে ১১ বছর পর প্রতিযোগিতামূলক টি-টোয়েন্টিতে ফিরেন। ল্যাঙ্কাশায়ারের হয়ে ৮ ম্যাচে ১৪ উইকেট নিয়ে ফের নজরে আসেন এই অভিজ্ঞ পেসার।

ম্যানচেস্টার অরিজিনালসে অ্যান্ডারসনের অধিনায়ক হচ্ছেন ইংল্যান্ডের জস বাটলার। দলে রয়েছেন হাইনরিখ ক্লাসেন, রাচিন রবীন্দ্র ও নুর আহমেদের মতো আন্তর্জাতিক তারকারাও।

৩০ জুলাই ৪৩ বছরে পা দেবেন অ্যান্ডারসন। তার আগেই ৬ আগস্ট দ্য হান্ড্রেডে ম্যানচেস্টার অরিজিনালসের প্রথম ম্যাচ। সেদিন মাঠে নামলে তিনি হবেন টুর্নামেন্ট ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ বয়সী ক্রিকেটার। শীর্ষে রয়েছেন দক্ষিণ আফ্রিকার ইমরান তাহির, যিনি ২০২২ সালে ৪৩ বছর ১৪৯ দিন বয়সে খেলেছিলেন বার্মিংহাম ফিনিক্সের হয়ে।

অন্যদিকে, এবারের দ্য হান্ড্রেডে আরেকটি আলোচনার জন্ম দিয়েছেন ১৭ বছর বয়সী রকি ফ্লিনটফ। কোনো স্বীকৃত টি-টোয়েন্টি ম্যাচ না খেলেই তিনি জায়গা পেয়েছেন নর্দার্ন সুপারচার্জার্সে। তবে রকি ফ্লিনটফের অন্তর্ভুক্তি নিয়ে প্রশ্ন উঠেছে, কারণ দলটির কোচ তার বাবা, ইংল্যান্ডের সাবেক অলরাউন্ডার অ্যান্ড্রু ফ্লিনটফ।

তবে রকির সাম্প্রতিক পারফরম্যান্স বলছে তিনি অযথাই জায়গা পাননি। ইংল্যান্ড লায়নস ও অনূর্ধ্ব–১৯ দলের হয়ে সেঞ্চুরি করে ইতিমধ্যে নজর কেড়েছেন মিডল অর্ডার এই ব্যাটার।

ইত্তেফাক/এএম