বরিশালে এনসিপি’র পথসভায় নাহিদ ইসলাম

৫ আগস্ট আমাদের লক্ষ্য ছিলো গণভবন, এবার সংসদ ভবন

আপডেট : ১৬ জুলাই ২০২৫, ০৩:৫৪

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলাম বলেছেন, ৫ আগস্ট আমাদের লক্ষ্য ছিলো গণভবন এবারে আমাদের লক্ষ্য সংসদ ভবন। কোনো দলের সহিসংতা মেনে নিবো না। ইলেকশন কমিশনকে যেভাবে দলীয়করণ করা হয়েছে এ নতুন বাংলাদেশে, গণঅভ্যুত্থান পরে ইলেকশন কমিশন নিরপেক্ষভাবে কাজ করছে না, ইলেকশন কমিশনের ইনটেনশন ভালো নয়। 

মঙ্গলবার (১৫ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে নগরীর ফজলুল হক এভিনিউস্থ সড়কের নগর ভবনের সামনে জুলাই পদযাত্রা ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। এসময় তিনি আগামী ৩ আগস্ট ঢাকার শহীদ মিনারে সারা বাংলাদেশের মানুষের ইশতেহার নিয়ে জুলাই ঘোষনাপত্র ও সনদ আদায়ের লক্ষ্যে সমাবেশে যোগদানের আহ্বান জানান। 

পথসভায় এনসিপি’র মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ (দক্ষিণাঞ্চল) বলেন, বিএনপি দীর্ঘদিন জনগণ বিচ্ছিন্ন ছিলো, যে দলকে প্রশ্নের বাইরে রাখা হয় সে দলই ফ্যাসিবাদ হবে। তিনি বলেন, এই নির্বাচন কমিশনের রিমোট কন্ট্রোল ভারত বা সেনাবাহিনী থেকে নিয়ন্ত্রিত, এই সিলেক্টিভ নির্বাচন কমিশন দিয়ে গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়। 

গণহত্যার বিচার, দেশ সংস্কার ও পুনর্গঠনসহ জুলাই সনদ বাস্তবায়ন শেষে এরপরে একটি গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা নিশ্চিতের লক্ষ্যে জুলাই পদযাত্রা ও পথসভা সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হওয়ার কথা থাকলেও অতিথিরা ভোলা থেকে বরিশালে আসেন রাত ৯টার পর। এসময় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, এনসিপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, নাহিদ সারওয়ার নিভা, যুগ্ম আহবায়ক নুসরাত তাবাসসুম, বরিশালের মূখ্য সংগঠক ডাঃ মাহমুদা আলম মিতু, কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম আদিব, বরিশাল জেলার যুগ্ম আহ্বায়ক এমএম সাইফুল মুন্সি, মাসুম বিল্লাহ, যুগ্ম সমন্বয়কারী আবু সাঈদ, মহানগরে সাংগঠনিক মাহিন মোর্শেদ প্রমুখ।

ইত্তেফাক/এমএএম