দুদকের অভিযান

এতিমখানায় শিশু আছে ৪০ জন, ১৪৫ দেখিয়ে ২ কোটি টাকা বরাদ্দ

আপডেট : ১৬ জুলাই ২০২৫, ১৪:১৭

মাদারীপুরের একটি এতিমখানায় অর্থ আত্মসাতসহ নানা অনিয়মের অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (১৫ জুলাই) বিকেলে পৌর এলাকার দরগাহ শরীফ সংলগ্ন হযরত শাহ মাদার (র.) দরগাহ শরীফ এতিমখানায় এই অভিযান পরিচালনা করেন দুদকের মাদারীপুর কার্যালয়ের সহকারী পরিচালক মো. আক্তারুজ্জামান।

অভিযানে এতিমদের জন্য প্রাপ্ত সরকারি বরাদ্দ, ছাত্র সংখ্যা এবং আর্থিক লেনদেনের তথ্য যাচাই-বাছাই করা হয়। এ সময় দুদকের কর্মকর্তারা এতিমখানার মোহতামিম মো. আল-আমীনসহ সংশ্লিষ্ট শিক্ষক-কর্মকর্তাদের সাক্ষাৎকার গ্রহণ করে।

দুদক সূত্র জানায়, ২০১৯ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত ছয় বছরে সরকারি হিসেবে ১৪৫ জন এতিম শিশুর জন্য মাসে ২ হাজার টাকা হারে প্রায় ২ কোটি ৮ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। কিন্তু বাস্তবে এতিমখানায় মাত্র ৪০জন শিক্ষার্থী রয়েছে। এমন অভিযোগে অভিযানে নামে দুদক। এই অভিযোগের প্রথামিক সত্যতাও পাওয়া গেছে। 

তাছাড়া এতিমখানার সুপার মো. আল-আমীনের বিরুদ্ধে ৪৭ লাখ টাকার এফডি (স্থায়ী আমানত) জাল স্বাক্ষরের মাধ্যমে উত্তোলনের অভিযোগ উঠেছে। এমনকি দায়িত্বপ্রাপ্ত সরকারি কর্মকর্তাদের দায়িত্বহীনতার বিষয়েও প্রশ্ন তুলেছেন দুদক কর্মকর্তারা।

দুদক কর্মকর্তা মো. আক্তারুজ্জামান বলেন, ‘প্রাথমিকভাবে অর্থ আত্মসাৎ ও নানা অনিয়মের প্রমাণ পাওয়া গেছে। এসব বিষয়ে বিস্তারিত তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

ইত্তেফাক/এপি