রাশিয়ার মস্কোয় আয়োজিত ‘ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল আন্তারিজ’ আগামী ৬ আগস্ট থেকে শুরু হচ্ছে। ১০ আগস্ট পর্যন্ত উৎসবটি চলবে। এদিকে দেশের ভিন্ন-মাত্রিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘সোল মেট’ এই উৎসবে প্রদর্শিত হচ্ছে। মাত্র চার মিনিট দৈর্ঘ্যের এ চলচ্চিত্রটি উৎসবটির অফিসিয়াল কমপিটিশন বিভাগে নির্বাচিত হয়েছে। ছবিটি নির্মাণ করেছেন আদেল ইমাম অনুপ। এটিই তার প্রথম নির্মাণ।
‘ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল আন্তারিজ’-এ বিশ্বের ২৯টি দেশের ১০৪টি ফিচার ফিল্ম, শর্ট ফিল্ম ও ডকুমেন্টারি অংশ নিচ্ছে। উৎসব কর্তৃপক্ষ এক ইমেইল বার্তায় ‘সোল মেট’ নির্বাচিত হওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, বিশ্বের বিভিন্ন দেশ থেকে পাঠানো ২ হাজার ৪০০ চলচ্চিত্রের মধ্য থেকে এটি প্রতিযোগিতার জন্য মনোনীত হয়েছে- যা ‘সোল মেট’-এর জন্য একটি অসাধারণ অর্জন।
এ প্রসঙ্গে নির্মাতা বলেন, আমার মতো স্বাধীন চলচ্চিত্র নির্মাতার কোনো কাজ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা করে নেওয়াটা সত্যি সম্মানের। আমার কাছে এটা অবিশ্বাস্যও বটে। আমাদের কাজ করাটাই বেশ কঠিন, নানান সীমাবদ্ধতা থাকে। তারপরও কিছু মানুষ আমাকে বিশ্বাস করে কাজে সহযোগিতা করেছেন, তাদের প্রতি আমার কৃতজ্ঞতা।
নির্মাতা আদেল ইমাম অনুপ জানিয়েছেন, এক জোড়া জুতার গল্প নিয়ে তৈরি হয়েছে স্বল্পদৈর্ঘ্য সিনেমাটি। জুতা যদি অনুভূতি ব্যক্ত করতে পারত, তাহলে সে কী বলত এবং তার শেষ পরিণতি কী হতে পারত- সেটাই দেখানো হয়েছে সিনেমায়। এতে কোনো মানুষের মুখ দেখানো হয়নি। শুধু পায়ের অংশ দেখিয়ে করা হয়েছে দৃশ্যধারণ। শুটিংয়ে অংশ নিয়েছেন কনক খন্দকার। গল্পটি বলা হয়েছে ভয়েস ওভারের মাধ্যমে। কণ্ঠ দিয়েছেন রেজওয়ান কবির কল্লোল।
উল্লেখ্য, ‘সোল মেট’-এর এখন পর্যন্ত দুটি প্রদর্শনী হয়েছে ঢাকায়। এর উদ্বোধনী প্রদর্শনী হয়েছিল ‘ফ্রেন্ডলি নেইবারহুড ফিল্মমেকার ফেস্ট’ (এফএনএফ) সিজন ওয়ানে, শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায়।

