ভারতের স্বাধীনতা আন্দোলনের নেতা মহাত্মা গান্ধীর একটি বিরল তৈলচিত্র লন্ডনে নিলামে উঠেছে। বিবিসি জানিয়েছে, এটি ১ লাখ ৫২৮০০ পাউন্ডে (২ লাখ ৪ হাজার ৬৪৮ ডলার) বিক্রি হয়েছে।
নিলাম সংস্থা বনহ্যামসের অনুমান অনুযায়ী, ১৯৩১ সালে গান্ধী লন্ডন সফরের সময় ব্রিটিশ শিল্পী ক্লেয়ার লেইটন এই চিত্রটি এঁকেছিলেন। এই ছবিটিই গান্ধীর একমাত্র তৈলচিত্র বলে মনে করা হচ্ছে।
গান্ধী ভারতে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে অহিংস প্রতিরোধ আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। তার শিক্ষা কোটি কোটি মানুষকে অনুপ্রাণিত করেছে। বেশিরভাগ ভারতীয় তাকে 'জাতির পিতা' হিসেবে শ্রদ্ধা করে।
বিবিসি জানায়, ১৯৩১ সালে ভারতের সাংবিধানিক সংস্কার এবং স্বায়ত্তশাসনের দাবি নিয়ে আলোচনা করার জন্য অনুষ্ঠিত 'দ্বিতীয় গোলটেবিল বৈঠকে' যোগদানের জন্য গান্ধী যখন লন্ডনে গিয়েছিলেন, তখন এই প্রতিকৃতিটি তৈরি করা হয়েছিল।
বনহ্যামসের মতে, শিল্পী ক্লেয়ার লেইটন 'খুব কম শিল্পীদের মধ্যে একজন ছিলেন, যিনি একাধিকবার গান্ধীর সাথে বসে তার প্রতিমূর্তি আঁকতে সুযোগ পেয়েছিলেন।'
১৯৮৯ সালে গান্ধীর মৃত্যুর আগ পর্যন্ত শিল্পকর্মগুলো এই শিল্পীর সংগ্রহে ছিল। এরপর এটি তার পরিবারের মাধ্যমে স্থানান্তর করা হয়।

