২০০০ সাল থেকে শ্রমে নিযুক্ত শিশুর সংখ্যা ১০ কোটিরও বেশি কমেছে: জাতিসংঘ

আপডেট : ১৬ জুলাই ২০২৫, ১৮:০৩

২০০০ সাল থেকে বিশ্বব্যাপী শিশুশ্রমে নিযুক্ত শিশুদের সংখ্যা ১০ কোটিরও বেশি কমেছে। জাতিসংঘের নতুন তথ্যের বরাত দিয়ে বুধবার (১৬ জুলাই) আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) এ তথ্য জানিয়েছে।

তবে এই অগ্রগতি সত্ত্বেও ২০২৫ সালের মধ্যে শিশুশ্রম 'নির্মূল' করার বিশ্বব্যাপী লক্ষ্য এখনো 'নাগালের বাইরে' রয়ে গেছে বলে জানিয়েছে সংস্থাটি।

এক প্রতিবেদনে আইএলও বলেছে, 'বিশ্বব্যাপী অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যে সকলের জন্য উপযুক্ত কাজ আগের চেয়েও বেশি জরুরি।'

গত সোমবার প্রকাশিত সর্বশেষ টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা প্রতিবেদন ২০২৫ অনুসারে, ২০২৪ সালে প্রায় ১৩৮ মিলিয়ন শিশু শিশুশ্রমের সঙ্গে জড়িত ছিল। এর মধ্যে ৫৪ মিলিয়ন শিশু তাদের স্বাস্থ্য এবং বিকাশের জন্য হুমকিস্বরূপ বিপজ্জনক কাজে জড়িত ছিল।

এই সংখ্যা ২০২০ সাল থেকে ২০ মিলিয়নেরও বেশি এবং ২০০০ সাল থেকে ১০ কোটিরও বেশি কমার বিষয়টি তুলে ধরে - যদিও বিশ্বব্যাপী শিশু জনসংখ্যা ২৩০ মিলিয়ন বৃদ্ধি পেয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, কোভিড-১৯ মহামারীর কারণে সৃষ্ট বিপর্যয়ের পর বিশ্ব অগ্রগতির পথে ফিরে এসেছে, তবুও প্রচেষ্টা এখনো অসম্পূর্ণ।

এতে বলা হয়েছে, 'আগামী পাঁচ বছরের মধ্যে লক্ষ্য অর্জন করতে হলে, অগ্রগতির বর্তমান হার ১১ গুণ বৃদ্ধি করতে হবে।'

ইত্তেফাক/এসকে