সুন্দরবনের নিষিদ্ধ মৌসুমে প্রবেশ করে কাঁকড়া আহরণ করায় ৬০০ কেজি কাঁকড়াসহ এক ব্যক্তিকে আটক করেছে বন বিভাগ।
মঙ্গলবার (১৫ জুলাই) রাত ১টার দিকে সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনের আওতাধীন কাঠেরশ্বর টহলফাঁড়ি এলাকা থেকে ইঞ্জিনচালিত ট্রলারসহ তাকে আটক করা হয়।
আটক ব্যক্তির নাম এয়াকুব আলী সরদার (৬০)। তিনি সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের চকবারা গ্রামের মৃত আব্দুল আজিজ সরদারের ছেলে।
বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন কর্মকর্তা জিয়াউর রহমান জানান, সুন্দরবনের প্রাণবৈচিত্র্য ও পরিবেশ সংরক্ষণের লক্ষ্যে প্রতিবছর তিন মাসের জন্য মাছ ও কাঁকড়া আহরণে নিষেধাজ্ঞা জারি করা হয়। চলমান নিষিদ্ধকাল অমান্য করে আহরণ করায় এয়াকুব আলীকে আটক করা হয়েছে।
তিনি আরও বলেন, আটকের সময় তার কাছ থেকে আনুমানিক ৬০০ কেজি কাঁকড়া ও একটি ইঞ্জিনচালিত ট্রলার জব্দ করা হয়েছে। তার বিরুদ্ধে বন আইনে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
জিয়াউর রহমান জানান, সুন্দরবন রক্ষায় বন বিভাগ নিয়মিত টহল জোরদার করেছে। তবে এখনো কিছু অসাধু ব্যক্তি নানা কৌশলে বনজ সম্পদ আহরণে লিপ্ত রয়েছে, যা পরিবেশ ও বনের জীববৈচিত্র্যের জন্য হুমকি।
