গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কর্মসূচিতে হামলার পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট এলাকার জনগণকে সকল ধরনের উশৃঙ্খলতা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
বুধবার (১৬ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি লিখেন, ‘আমরা সংশ্লিষ্ট এলাকার জনগণকে সকল ধরনের উচ্ছৃঙ্খলতা থেকে বিরত থাকার আহ্বান জানাই এবং শান্তিপ্রিয়, ফ্যাসিবাদবিরোধী জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আন্তরিক আহ্বান জানাচ্ছি।’
তিনি আরও বলেন, গোপালগঞ্জ বাংলাদেশেরই অংশ এবং সেখানে রাজনৈতিক কর্মসূচি আয়োজন করা নাগরিকদের সাংবিধানিক অধিকার। কিন্তু প্রশাসনের নিষ্ক্রিয়তার ফলে এখন সেখানে উদ্বেগজনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সরকার যদি দ্রুত পদক্ষেপ না নেয়, তাহলে ইতিহাসের দায় তাদের ওপরই বর্তাবে বলে সতর্ক করেন তিনি।
এর আগে বিকেলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও এক বিবৃতিতে গোপালগঞ্জে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় নিন্দা জানান এবং দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।
