স্কুল মাঠে ফুটবল খেলার পর কক্সবাজার সমুদ্র সৈকতে গোসলে নেমে রাইয়ান নূর আবু সামিম (১৪) নামের এক স্কুল শিক্ষার্থী সাগরে ডুবে প্রাণ হারিয়েছে। বুধবার (১৬ জুলাই) দুপুরে সৈকতের শৈবাল পয়েন্টে এ ঘটনা ঘটে।
নিহত রাইয়ান কক্সবাজার শহরের বৈদ্যঘোনা এলাকার মোহাম্মদ ইসমাইলের ছেলে এবং সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র।
সৈকতে দায়িত্বরত সী সেইফ লাইফ গার্ড সংস্থার সিনিয়র কর্মী ওসমান গনি জানান, ফুটবল খেলা শেষে ৭-৮ জন শিক্ষার্থীর একটি দল সৈকতের শৈবাল পয়েন্টে গোসলে নামে। ওই এলাকায় কোনো লাইফ গার্ড কর্মী দায়িত্বে ছিল না। এ সময় রাইয়ান সমুদ্রে ডুবে জ্ঞান হারিয়ে ফেললে স্থানীয় মাছ আহরণকারী ও বিমান বাহিনীর সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কক্সবাজার জেলা প্রশাসনের পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আজীম খান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে নির্দিষ্ট পয়েন্টে গোসলে নামার অনুরোধ জানানো হয় নিয়মিত। শৈবাল পয়েন্টে কোনো লাইফ গার্ড না থাকায় দুর্ঘটনার ঝুঁকি বেশি।
চলতি বছরে কক্সবাজার সমুদ্র সৈকতে গোসলে নেমে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ জনে। গত ৮ জুলাই সকাল ৭টার দিকে স্কুলছাত্র অরিত্র হাসানসহ তিনজন সাগরে ভেসে যায়। পরে দুইজনের মরদেহ উদ্ধার করা গেলেও অরিত্র এখনও নিখোঁজ। নয় দিন পেরিয়ে গেলেও তার খোঁজ মেলেনি।
