ওএমএস চাল খুচরায় নয়, কালোবাজারিতে বস্তায় বস্তায় বিক্রির অভিযোগ

আপডেট : ১৬ জুলাই ২০২৫, ২০:৪৩

শ্রীপুরে সরকার পরিচালিত ওপেন মার্কেট সেল (ওএমএস) প্রকল্পের চাল নির্ধারিত মূল্যের চেয়ে প্রতি কেজি ১০ টাকা বেশি দামে বস্তায় বস্তায় কালোবাজারিতে বিক্রির অভিযোগ উঠেছে। এ বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও দ্রুত ছড়িয়ে পড়েছে।

সরকারি নির্দেশনা অনুযায়ী, প্রতি কেজি চাল ৩০ টাকায় হতদরিদ্রদের মধ্যে ৫ কেজি করে খোলা বাজারে বিক্রি করা হয়। তবে অভিযোগ রয়েছে, স্থানীয় ওএমএস ডিলাররা প্রভাব খাটিয়ে এই চাল ৩০ টাকার স্থলে প্রতি কেজি ৪০ টাকায় বস্তাবন্দী করে কালোবাজারির কাছে বিক্রি করছেন। এতে প্রকল্পের মূল উদ্দেশ্য ভেঙে পড়ছে এবং দরিদ্র জনগোষ্ঠীকে বঞ্চিত করা হচ্ছে।

স্থানীয় সূত্র জানায়, এ কালোবাজারির কার্যক্রম শ্রীপুর পৌরশহরের প্রাণকেন্দ্র শ্রীপুর বাজারের মাত্র ৩-৪শ মিটার দূরত্বে পরিচালিত হচ্ছে। বিষয়টি সরজমিনে তদন্ত করতে গেলে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক দপ্তরের কর্মকর্তারা অভিযোগের সত্যতা পান। অভিযোগের প্রমাণ হিসেবে ভিডিও ফুটেজও সংগ্রহ করা হয়েছে।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক দপ্তর সংশ্লিষ্ট ডিলার মেসার্স নিজাম এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মোহাম্মদ নিজাম উদ্দিন নিজুমকে প্রথমে ১৪ জুলাই কারণ দর্শানোর নোটিশ দেয়।

শ্রীপুর উপজেলা খাদ্য কর্মকর্তা মোহাম্মদ কামাল উদ্দিন সরকার বলেন, অপরাধ প্রমাণিত হওয়ায় সতর্কতা মূলক চিঠি দেওয়া হয়েছে। ভবিষ্যতে আবার এমন ঘটনা ঘটলে ডিলারের লাইসেন্স বাতিলসহ কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে।

সরকারি ওএমএস প্রকল্পের সঠিক বাস্তবায়ন ও সুবিধাভোগীদের বঞ্চনা রোধে তদারকি জোরদার করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেছেন স্থানীয়রা।

ইত্তেফাক/এএইচপি