গাজায় ইসরায়েলি হামলায় আরও ৯৪ ফিলিস্তিনি নিহত

আপডেট : ১৭ জুলাই ২০২৫, ০৮:৪৩

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর টানা হামলায় নিহতের সংখ্যা প্রতিদিনই বাড়ছে। মঙ্গলবারের (১৫ জুলাই) হামলায় নতুন করে আরও অন্তত ৯৪ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন ২৫২ জনের বেশি। এই নিয়ে গত বছরের অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধের শুরু থেকে এখন পর্যন্ত নিহতের সংখ্যা প্রায় ৫৮ হাজার ৬০০ জনে পৌঁছেছে। খবর আনাদোলুর।

বুধবার (১৬ জুলাই) এক বিবৃতিতে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় হাসপাতালগুলোতে নতুন করে ৯৪ জনের মরদেহ আনা হয়েছে। এই সময়ে আহত হয়েছেন আরও ২৫২ জন। এখন পর্যন্ত মোট আহতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৩৯ হাজার ৬০৭ জনে।

স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, অনেক মরদেহ এখনও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে কিংবা রাস্তায় পড়ে রয়েছে, যাদের উদ্ধারে পৌঁছাতে পারছেন না উদ্ধারকর্মীরা। যুদ্ধকালীন মানবিক বিপর্যয়ের কারণে এই মৃতদেহগুলো গুনেও রাখা সম্ভব হচ্ছে না।

এছাড়া মানবিক সহায়তা নিতে গিয়ে ইসরায়েলি বাহিনীর হামলায় গত ২৪ ঘণ্টায় আরও সাতজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩০ জনের বেশি। চলতি বছরের ২৭ মে থেকে এ পর্যন্ত সহায়তা নিতে গিয়ে হামলায় প্রাণ হারিয়েছেন ৮৫১ জন এবং আহত হয়েছেন অন্তত ৫ হাজার ৬৩৪ জন।

গত ১৮ মার্চ থেকে ইসরায়েল আবারও গাজায় পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরু করে। এরপর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি বাহিনী আরও ৭ হাজার ৭৫০ জনকে হত্যা করেছে এবং আহত করেছে ২৭ হাজার ৫৬৬ জনকে। অথচ জানুয়ারি মাসে ইসরায়েল ও হামাসের মধ্যে অস্ত্রবিরতি এবং বন্দি বিনিময় চুক্তি হয়েছিল।

এরই মধ্যে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের দায়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গালান্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।

গাজায় চলমান অভিযানের কারণে ইসরায়েলের বিরুদ্ধে ‘গণহত্যা’ চালানোর অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) একটি মামলা চলমান রয়েছে।

ইত্তেফাক/টিএইচ