সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপের প্রথম লেগের খেলা শেষ। এখন পর্যন্ত তিন ম্যাচে তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে স্বাগতিক বাংলাদেশ। আজ থেকে শুরু হবে দ্বিতীয় লেগের খেলা। এ পর্বে প্রথম ম্যাচে আফঈদাদের প্রতিপক্ষ ভুটান, যাদের বিপক্ষে গেল মঙ্গলবার এক নাটকীয় ম্যাচ খেলেছে, লাল সবুজের মেয়েরা। যদিও শেষ অবধি জয় নিয়েই মাঠ ছেড়েছিল। সেই আত্মবিশ্বাস নিয়েই আজ মাঠে নামবে বাটলারের শিষ্যরা। ম্যাচটি অনুষ্ঠিত হবে বসুন্ধরা স্পোর্টস গ্রাউন্ডে। ম্যাচটি অনুষ্ঠিত হবে সন্ধ্যা ৭টায়। এর আগে দিনের প্রথম ম্যাচে একই মাঠে মুখোমুখি হবে নেপাল ও শ্রীলঙ্কা।
গেল মঙ্গলবার ভুটানের বিপক্ষে এই টুর্নামেন্টের প্রথম দেখায় নাটকীয় এক ম্যাচ খেলেছিল বাংলাদেশ। টানা বৃষ্টিতে কর্দমাক্ত হয়ে পড়েছিল মাঠ, প্রথমার্ধের পর খেলা স্থগিত হয়ে পড়ে তিন ঘণ্টা। পরে দ্বিতীয়ার্ধ গড়ায়, পাশের অনুশীলন মাঠে যা দেশের মাটিতে আয়োজিত কোনো আন্তর্জাতিক ফুটবল ম্যাচে প্রথমবারের মতো দেখা গেছে। এমনকি বিশ্ব ফুটবলেও এমন ঘটনা বিরল। তবে মাঠেই ফোকসড ছিল দল, তাতেই বাংলাদেশ পায় অসাধারণ জয়। আজ ফিরতি পর্বে মুখোমুখি হওয়ার আগে সেই আত্মবিশ্বাসই মূল শক্তি হিসেবে কাজে দেবে কোচ পিটার বাটলারের দলের।
এদিকে একের পর এক ম্যাচ, অনুশীলনেরও সুযোগ নেই। তার ওপর দলগুলোকে বাড়তি পরীক্ষায় ফেলছে আবহাওয়া ও খেলার জন্য অনুপযুক্ত মাঠ। তবে এর মধ্যেই ফুরফুরে মেজাজেই রয়েছে বাংলাদেশ দল। প্রতিটি ম্যাচের পর অনুশীলন না করলেও রিকোভারি সেশন চালিয়ে যাচ্ছে।
ভুটানের বিপক্ষে কঠিন এক ম্যাচের পর নিজেদের অবস্থার কথা জানিয়ে দলের অধিনায়ক আফঈদা খন্দকার বলেন, 'গতকালকের (মঙ্গলবারের) ম্যাচটা কঠিন ছিল। কারণ প্রথম অর্ধেক খেলা হয়েছে এক মাঠে পরে দ্বিতীয় হাফ খেলা হয়েছে আরেক মাঠে। মাঝখানে অনেক সময় বসে ছিলাম তো একটু কঠিন ছিল। তার পরও আমরা জয় পেয়েছি। তো আজকে আমরা রিকোভারি সেশন করেছি। সুইমিং, চেং... করেছি। বিকালে কোচ আমাদের সঙ্গে বসেছে কথা বলেছে শেষ ম্যাচে যেই ভুলগুলো করেছি, সেইগুলো নিয়ে আলোচনা করেছে। পাশাপাশি সামনের ম্যাচে কী কী করবো সেই বিষয়েও দিকনির্দেশনা দিয়েছে।'
মঙ্গলবারের ম্যাচে ভুটানের বিপক্ষে বাংলাদেশ দলের মুল একাদশে ছিল না প্রথম দুই ম্যাচে খেলা ৯ জন। তাদের মধ্যে ছিলেন অধিনায়ক আফঈদাও। তার বদলে দল সামলেছিলেন সুরমা জান্নাত। এছাড়া এছাড়া গোলরক্ষক স্বর্ণা, জয়নব বীবি, স্বপ্নারাও ছিলেন না দলে তাদের জায়গায় মুল একাদশে খেলেছিল একঝাঁক তরুণ মুখ। তারাই জয় নিয়ে মাঠ ছেড়েছিল। স্বাভাবিকভাবেই খেলোয়াড়দের ওয়ার্কলোড ম্যানেজ করতে কোচ আজকের ম্যাচেও ব্যাপক পরিবর্তন করে দল সাজাবে।
তবে সবার লক্ষ্য একটাই সেটা হল জয়। আজকের ম্যাচ নিয়ে নিজেদের লক্ষ্য জানিয়ে আফঈদা আরও বলেন, 'সামনের ম্যাচের জন্য আমরা অনেকটাই প্রস্তুত। শেষ ম্যাচটা আমরা বৃষ্টির মধ্যে খেলেছি। তারপর মাঠ পরিবর্তন হয়েছে। এত সব কিছুর মধ্যেও ভালো খেলেছি। সামনের ম্যাচে আরও ভালো খেলবো আশা করি।'
