ফুটসাল ট্রায়াল, বাংলাদেশে আসছেন বিদেশি কোচ

আপডেট : ১৭ জুলাই ২০২৫, ১৪:৩৪

প্রথমবারের মতো এশিয়ান ফুটসালের বাছাইয়ে অংশগ্রহণ করবে বাংলাদেশ পুরুষ ফুটবল দল। তবে কোনো ফুটসাল দল নেই বাংলাদেশের। তাই ফুটসাল কমিটি ২০ ও ২১ জুলাই হ্যান্ডবল স্টেডিয়ামে ট্রায়াল ডেকেছে। সেজন্য বিদেশি কোচের সঙ্গে যোগাযোগ করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

বাফুফের ফুটসাল কমিটির চেয়ারম্যান ইমরানুর রহমান বলেন, ‘আগস্টের মধ্যে এএফসিতে খেলোয়াড় নিবন্ধন করতে হবে। ফলে এই মুহূর্তে বড় আকারে টুর্নামেন্ট আয়োজন করে খেলোয়াড় বাছাইয়ের সুযোগ নেই। তাই আমরা দুই দিন ট্রায়ালের মাধ্যমে প্রাথমিকভাবে খেলোয়াড় বাছাই করবো।’

বাফুফের ফেসবুক পেজে বাংলাদেশ ফুটসাল দলের ট্রায়ালের জন্য পোস্ট করা হয়েছে। সেখানে ১৮-৩৫ বছর বয়সী আগ্রহীদের হ্যান্ডবল স্টেডিয়ামে আসার অনুরোধ করা হয়েছে। এই ট্রায়াল প্রক্রিয়া সম্পর্কে কমিটির চেয়ারম্যান বলেন, ‘শুক্রবার পর্যন্ত ট্রায়াল রেজিস্ট্রেশনের সময় রয়েছে। নিবন্ধনকারীর সংখ্যার ওপর ট্রায়াল পদ্ধতি নির্ভর করবে। ১০-১৫ মিনিট খেলার সুযোগ পাবে সবাই। বাফুফের কোচ ও সাবেক ফুটবলাররা খেলোয়াড়দের বাছাই করবেন।’

ফুটসালের অভিষেক আসরে কঠিন গ্রুপে পড়েছে বাংলাদেশ। ফুটসালে ইরান বর্তমান এবং সর্বাধিকবারের এশিয়ান চ্যাম্পিয়ন। ফলে স্বাভাবিকভাবেই বাংলাদেশের গ্রুপে ইরান ফেভারিট। স্বাগতিক মালয়েশিয়া এবং সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে জয় পাওয়াই হবে মূল লক্ষ্য। আটটি গ্রুপ চ্যাম্পিয়নের পাশাপাশি সেরা সাত রানার্সআপ আগামী বছর ইন্দোনেশিয়ায় চূড়ান্ত পর্বে খেলার সুযোগ পাবে। 

বাংলাদেশের জন্য কঠিন হলেও লক্ষ্য ঠিক রেখেছেন কমিটির প্রধান। ইমরানুর রহমান বলেন, ‘আমরা এবার প্রথমবারের মতো খেলবো। ফলে বাস্তবিকভাবে মূল পর্বে যাওয়া কঠিন। এরপরও আমরা এই সময়ের যতটুকু সম্ভব নিজেদের প্রস্তুত করে সর্বোচ্চ লড়াইয়ের জন্য চেষ্টা করবো।’

ইত্তেফাক/জেডএইচ