বাজে ফর্মের কারণে সবশেষ চ্যাম্পিয়নস ট্রফির স্কোয়াড থেকে ছিটকে গিয়েছিলেন লিটন দাস। এরই মাঝে টি-টোয়েন্টির অধিনায়কত্ব পান তিনি। ওয়ানডেতে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের একটি ম্যাচে একাদশেও সুযোগ পান, কিন্তু ফেরেন শূন্য রানে। এতেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় ট্রোল।
এরপর প্রথম টি-টোয়েন্টিতেও ছিলেন ব্যর্থ। ওই ম্যাচে ৬ রান করে আউট হন লিটন। এতে সমালোচনার চাপ আরও বাড়তে থাকেন। দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৫০ বলে ৭৬ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হন। শেষ টি-টোয়েন্টিতে ২৬ বলে করেন ৩২ রান। টানা দুই ম্যাচ জিতে সিরিজ নিজেদের করে নেয় বাংলাদেশ, লিটন হন সিরিজসেরা।
লিটনের এই ফিরে আসা কাছ থেকে দেখেছেন জাতীয় দলের ম্যানেজার নাফিস ইকবাল। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ শেষ করে দেশে ফিরে বিমানবন্দরে সাংবাদিকদের তিনি বলেন, ‘তার জন্য এটা সহজ ছিল না। ও যেভাবে সিরিজে আসছিল, ব্যাড প্যাচ (বাজে ফর্ম) একটা যাচ্ছিল। আমরা জানি, আমাদের ব্যাড প্যাচ গেলে, যেহেতু বাংলাদেশের সবাই খুব ইমোশনাল, সোশ্যাল মিডিয়ায় বেশি ট্রোল করা হয়। এভাবে ফিরে আসা সঙ্গে নেতৃত্ব দেওয়া দলকে, অসাধারণ ভূমিকা পালন করেছে। ও নিজের ক্যারেক্টার শো করেছে, আশা করি এবং দোয়া করবো, যেন এটা ধরে রাখে।’
টেস্ট ও ওয়ানডেতে বাজেভাবে হারের পর টি-টোয়েন্টি সিরিজটা জয় দিয়ে রাঙিয়েছে বাংলাদেশ দল। এমন জয়ের পেছনে কোচিং স্টাফকে কৃতিত্ব দিয়েছেন নাফিস। তিনি বলেন, ‘আমাদের কাজই তো এটা। ওদের বিশ্বাসটা ধরে রাখা। কোচিং স্টাফরা আছে-যেকোনো সময়ে, ভালো হোক বা খারাপ, আমাদের কিন্তু ওই ছন্দ রেখেই চলতে হয়। আমি খুবই গর্বিত আমাদের ম্যানেজম্যান্ট যারা ছিল, বিশেষ করে দেশি অনেকে ছিল। কৃতিত্বটা তাদের সবারও।’
