৯০ মিনিট খেলতে আবাহনীতে মোরসালিন

আপডেট : ১৭ জুলাই ২০২৫, ১৭:০৩

অবশেষে বোধদয় হয়েছে বসুন্ধরা কিংসের ফুটবলার শেখ মোরসালিনের। কিংসের জার্সি গায়ে বেঞ্চে বসে থাকতে থাকতে উপলব্ধি করতে পেরেছেন হ্যাভিয়ের কাবরেরার সুবাদে জাতীয় দলের জার্সি নিশ্চিত থাকলেও ক্লাব ক্যারিয়ার শেষ হয়ে যাচ্ছে। তাই অর্থের কথা বাদ দিয়ে পুরো ৯০ মিনিট কীভাবে খেলা যায় তা নিয়ে সিদ্ধান্ত নিলেন, খেলবেন না কিংসের বড়লোকের ক্লাবে। জানিয়ে দিয়েছেন আল্লাহ হাফেজ। 

মোরসালিন আবাহনীতে খেলবেন। গতকাল বিকালে মোরসালিন জানিয়েছেন, তিনি আর কিংসের জার্সি গায়ে খেলছেন না। মোরসালিন বলেন, 'আবাহনীতে খেলবো। আমি কিংসের বেঞ্চে বসে থাকি। আমি চাই একাদশে খেলব এবং ৯০ মিনিট খেলবো।'

মোরসালিন ২০২১ সালে বসুন্ধরা কিংসে যোগ দিয়েছিলেন। তিনি ছিলেন বাইন্ডিংসে। বাইন্ডিংসে থাকাকালীন অন্য কোনো ক্লাবে যোগ দেওয়ার সুযোগ নেই। গত বছর মোরসালিনের বাইন্ডিংস শেষ হয়েছে। বাইন্ডিংসে থাকাকালীন ২০২২-২৩ মৌসুমের প্রিমিয়ার লিগের ফিরতি পর্বে বসুন্ধরা কিংস মোরসালিনকে লোনে মোহামেডানে খেলতে দেওয়া হয়েছিল। মোহামেডানের জার্সি গায়ে মোরসালিন কিংসের জালে গোল করে সাড়া ফেলে দিয়েছিলেন। মোরসালিন জানান, সাত-আটটি ম্যাচ খেলেছি মোহামেডানে।'

মোহামেডান-আবাহনীর মতো সমর্থকনির্ভর দলে খেললে একজন ফুটবলার তার ক্যারিয়ার সার্থক মনে করেন। মোরসালিনের ভাবনাতেও সেটি রয়েছে। মোরসালিন বলেছেন, 'আমি আবাহনীতে খেলতে যাচ্ছি, তার প্রথম কারণ হচ্ছে গেম টাইম এনসিওর করা। আর আবাহনীকে খেলাটাও একটা ভালো লাগার বিষয় আমার মধ্যে কাজ করে। এখানে বেশি পরিশ্রম করতে হবে। আমাকে রিস্ক নিতে হবে।' 

কিংসের সূত্রের খবর হচ্ছে মোরসালিনকে ছাড়ার কোনো আগ্রহ তাদের ছিল না। মোরসালিন নিজেই চলে গেছেন। আর মোরসালিন জানিয়েছেন, তিনি বসুন্ধরা কিংস কর্তৃপক্ষকে জানিয়েছেন বসুন্ধরা কিংস আমাকে রাখতে চেয়েছিল। আমি বলেছি, অনেক দিন তো এখানে খেলালাম। একটা মৌসুমে বাইরে খেলে আসি। আবার চলে আসব। 'বসুন্ধরা কিংসের ফুটবলাররা বড় অঙ্কের পারিশ্রমিক পান। মোরাসালিনও পেতেন। এবার নাকি কিংসের চেয়ে আবাহনী বেশি পারিশ্রমিক দিচ্ছে মোরসালিনকে। সেটা মোরসালিনও বলেছেন, 'বসুন্ধরা কিংসের চেয়ে বেশি টাকা পাচ্ছি আবাহনীতে।'

কিংস ছেড়ে আবাহনীতে যোগ দেওয়ার কথা মোরাসালিন প্রকাশ করলেও আবাহনীর ম্যানেজার সত্যজিত দাস রূপু বিষয়টা প্রথমে এড়িয়ে গেলেও পরে বলেছেন, মোরসালিনের সঙ্গে কথা হয়েছে। দেখা যাক।' আবাহনীর অনুশীলন শুরু হবে আজ কোচ মারুফুল হকের অধীনে। গত মৌসুমে লিগ রানার্সআপ হয় আবাহনী। এবার তারা এএফসি কাপে খেলবে। রূপু জানিয়েছেন, গত মৌসুমে যারা দলে ছিলেন তাদের অবদান অনেক। আমরা সবাইকে ডেকেছি। যারা আসবেন না, আমরা তাদের পজিশনে শূন্য স্থান পূরণ করতে খেলোয়াড় নেব। তবে ক্লাব থেকে এখনো বিদেশি ফুটবলার নেওয়ার ব্যাপারে নির্দেশনা আসেনি।' মোরসালিন ছাড়াও পুলিশ দল ছেড়ে তরুণ স্ট্রাইকার আল আমিন যোগ দিয়েছেন আবাহনীতে।

ইত্তেফাক/জেডএইচ