রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রশাসন ভবন থেকে তিন কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে মতিহার থানা পুলিশ। বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে কর্মরত অবস্থায় তাদের আটক করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে চলতি বছরের জুলাই-আগস্টে শিক্ষার্থী নির্যাতনের অভিযোগে বোয়ালিয়া থানায় মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন—বিশ্ববিদ্যালয়ের সেকশন অফিসার পঙ্কজ কুমার, অর্থ ও হিসাব শাখার উপ-পরিচালক আমিনুল হক এবং সহকারী পরিচালক আবদুল্লাহ আল মাসুদ।
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক জানান, তারা এজাহারভুক্ত আসামি। প্রাথমিক তথ্য যাচাই শেষে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
তবে সেকশন অফিসার পঙ্কজ কুমার দাবি করেন, তিনি হামলার সঙ্গে জড়িত ছিলেন না। তার ভাষায়, আমি আন্দোলনের সময় বাসায় ছিলাম, কখনো শিক্ষার্থীদের ওপর হামলা করিনি।
এদিকে, জুলাই বিপ্লব চেতনা বাস্তবায়ন কমিটি’ নামে সাবেক শিক্ষার্থীদের একটি সংগঠনের আহ্বায়ক মো. মুস্তফিজুর রহমান অভিযোগ করেন, তারা ১৬ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত একাধিকবার শিক্ষার্থীদের ওপর হামলা করেছে। মামলার আসামি হয়েও তারা এখনও বহাল তবিয়তে চাকরি করছেন। আওয়ামী লীগের কোনো দোসর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনে থাকতে পারবে না।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বলেন, তাদের বিরুদ্ধে মামলা রয়েছে এবং পুলিশ আমাকে প্রমাণ দিয়েছে। তাই আমি বাধা দেইনি। তবে এভাবে বিশ্ববিদ্যালয় থেকে কাউকে তুলে নেওয়া কাম্য নয়। এটা পুলিশের বিষয়, পুলিশকেই আইনগত প্রক্রিয়ায় করতে হবে।
