মাদারীপুরের রাজৈর উপজেলায় নিখোঁজের একদিন পর নবম শ্রেণির এক মাদ্রাসাছাত্রীর মরদেহ বাড়ির পাশের পুকুর থেকে উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৭ জুলাই) সকালে উপজেলার পাইকপাড়া কাশিমপুর এলাকার একটি পুকুর থেকে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত লামিয়া আক্তার (১৫) পাইকপাড়া কাশিমপুর গ্রামের মিজানুর মোল্লার মেয়ে এবং নয়াকান্দি আলিয়া মাদ্রাসার নবম শ্রেণির ছাত্রী।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে একটি ফোনকল পাওয়ার পর লামিয়া কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হয়ে যায়। এরপর রাতভর খোঁজাখুঁজি করেও তার কোনো খোঁজ মেলেনি। বৃহস্পতিবার সকালে পাট কাটতে আসা শ্রমিকরা বাড়ির পাশের আবদুল হক মাতুব্বরের পুকুরে একটি মরদেহ ভাসতে দেখে পরিবারকে খবর দেন।
নিহতের দাদি রেবেবা ও দাদা সানু মোল্লা জানান, লামিয়া সম্প্রতি এক ছেলের সঙ্গে মোবাইলে কথা বলত। বুধবার বিকেলে হঠাৎ করে একটি ফোন পেয়ে কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হয়। পরে তার লাশ গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় পুকুরে ভাসতে দেখা যায়।
রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ খান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তবে এটি আত্মহত্যা, নাকি হত্যাকাণ্ড—তা নিয়ে এলাকায় নানা গুঞ্জন চলছে।
