নব্বই দশকের শেষে ক্যারিয়ারও যখন ধসের পথে তখন খড়কুটোর মতো ছোট পর্দাকেই আঁকড়ে ধরেছিলেন বলিউডের ‘শাহেনশা’ অমিতাভ বচ্চন। জনপ্রিয় রিয়েলিটি শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’ (কেবিসি) উপস্থাপনের জনপ্রিয়তা বিগ বি‘র সাফল্যে নতুন পালক যুক্ত করে।
২০০০ সালে শুরু হয়েছিল ‘কৌন বনেগা ক্রোড়পতি’। প্রথম সিজন থেকেই অমিতাভ বচ্চন সঞ্চালকের দায়িত্ব পালন করেছেন। যদিও চতুর্থ সিজনে সঞ্চালনা করেছিলেন শাহরুখ খান। কিন্তু সেটি তেমন জনপ্রিয় না হওয়ায় আবারও অমিতাভকে ফিরিয়ে আনা হয়। এতদিনে মোট ১৫টি সিজন অমিতাভ সঞ্চালনা করেছেন।
যদিও এবার শোনা যাচ্ছিল, অমিতাভ আর নয়। সঞ্চালকের আসনে নাকি সালমান খানকে দেখা যাবে। যদিও এসব জল্পনা-কল্পনা চ্যানেল উড়িয়ে দিয়েছে, তাদের আস্থা অমিতাভের ওপরেই।
আনন্দবাজারের প্রতিবেদন থেকে জানা যায়, ব্রিটিশ টেলিভিশনের ‘হু ওয়ান্টস টু বি আ মিলিয়নেয়র’র অনুকরণে ‘কৌন বনেগা ক্রোড়পতি’র ১৭তম সিজনেও দেখা যাবে সেই অমিতাভ বচ্চনকেই। তিনি যেন এই অনুষ্ঠানের জন্য অপরিহার্য। গত কয়েক বছরে তাই নিজের পারিশ্রমিকও খানিক বাড়িয়েছেন অভিনেতা। আসন্ন সিজনে প্রতি পর্বে তিনি পাচ্ছেন প্রায় ৫ কোটি রুপি, যা বাংলাদেশি মুদ্রায় ৭ কোটি টাকারও বেশি। আগামী ১১ আগস্ট থেকে নতুন সিজনের সম্প্রচার শুরু হবে।

