১১ ছক্কা ও ১১ চারে ইংলিশ ব্যাটারের রেকর্ড গড়া ১৩৯ 

আপডেট : ১৮ জুলাই ২০২৫, ১৩:৫৬

ইংল্যান্ডের ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতা ভাইটালিটি ব্লাস্টে এসেক্সের হয়ে ঝড় তোলেন ইংলিশ উইকেটরক্ষক ব্যাটার জর্ডান কক্স। বৃহস্পতিবার (১৭ জুলাই) চেমসফোর্ডে হ্যাম্পশায়ারের বিপক্ষে তিন নম্বরে নেমে ১১টি করে চার ও ছক্কায় ৬০ বলে অপরাজিত ১৩৯ রানের ইনিংস খেলেন তিনি। ২২১ রানের লক্ষ্য ৪ উইকেট ও ৪ বল হাতে রেখে ছুঁয়ে ফেলে এসেক্স।

টি-টোয়েন্টি ক্রিকেটে ১৪৪ ম্যাচে এটি কক্সের প্রথম সেঞ্চুরি। টি-টোয়েন্টি ক্রিকেটে ইংলিশ উইকেটরক্ষক ব্যাটার হিসেবে সর্বোচ্চ ইনিংসের রেকর্ড গড়েছেন কক্স। এক্ষেত্রে আগের সর্বোচ্চ ইনিংস ছিল ২০২৩ সালে ইংল্যান্ডের হয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ফিল সল্টের ১১৯।

সব দেশ মিলিয়ে উইকেটরক্ষক ব্যাটার হিসেবে কক্সের চেয়ে বড় ইনিংস আছে পাঁচটি। ২০০৮ আইপিএলের উদ্বোধনী ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের হয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ব্রেন্ডন ম্যাককালামের ৭৩ বলে অপরাজিত ১৫৮ রানের ইনিংস এখানে সর্বোচ্চ।

টি-টোয়েন্টি ব্লাস্টের ইতিহাসে এসেক্সের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ইনিংস এখন কক্সের। ২০০৮ সালে একই মাঠে সাসেক্সের বিপক্ষে গ্রাহাম নেপিয়ারের ৫৮ বলে অপরাজিত ১৫২ সর্বোচ্চ।

ইংল্যান্ডের হয়ে এখন পর্যন্ত ৩টি ওয়ানডে ও ২টি টি-টোয়েন্টি খেলেছেন কক্স। টেস্ট দলে ডাক পেলেও চোটের কারণে খেলা হয়নি এই উইকেটরক্ষক ব্যাটারের।

ইত্তেফাক/জেডএইচ