আবাহনীর জার্সির ওয়েট আছে: আল আমিন

আপডেট : ১৮ জুলাই ২০২৫, ১৬:০১

আবাহনীর টেন্টের বারান্দায় দাঁড়িয়ে আল আমিন তার চুলের স্টাইল দেখছিলেন। কপালের ওপর দিয়ে ডিজাইন করেছেন। জানতে চাইলে আল আমিন বললেন, 'আমি নিজেই ডিজাইন করেছি।' বলতে বলতে শেখ মোরসালিন হাজির। দেখা হলো আল আমিন ও মোরসালিনের মধ্যে। দেখেই দুজনের হাসি, হাত মেলানো, কে কখন ক্লাবে এসেছেন-একজন আরেক জনের কাছে জানতে চাইলেন। কথা বলতে বলতে টেন্ট থেকে বেরিয়ে আসতেই সমর্থকরা দুজনের সঙ্গে হাত মেলালেন, ছবি তুললেন। 

২১ বছর বয়সের তরুণ আল আমিন গত মৌসুমে পুলিশ এফসিতে খেলেছেন। দেশি ফুটবলারদের মধ্যে সবচেয়ে বেশি গোলের মালিক এই তরুণ। নীলফামারীর ছেলে আল আমিন আবাহনীতে এসে অনুশীলন জার্সি গায়ে তুলেই যেন বাড়তি আনন্দ পেলেন। রোমাঞ্চিত হলেন। জানতে চাইলে বললেন, 'আমি যখন ক্লাবই পাচ্ছিলাম, তখন আমার এক বড় ভাইয়ের মাধ্যমে পুলিশ দল আমাকে নিয়েছিল। আমি তাদের কাছে কৃতজ্ঞ। আবাহনীর জার্সির ওয়েট আছে। এই জার্সিটা গায়ে দিয়ে কে না খেলতে চায়। আমি আবাহনীতে এসে খুশি। সবার স্বপ্ন থাকে আবাহনীর মতো বড় দলে খেলার, আমিও এসেছি। সামনে এএফসি চ্যালেঞ্জ লিগের খেলা রয়েছে। আশা করি ভালো কিছু হবে।'

বসুন্ধরা কিংসের একাদশে খেলার সুযোগ হতো না মোরসালিনের। এবার আবাহনীতে এসে একাদশে সুযোগ পাবেন, সেটা এখনই বলা যায়। তবে কাল মোরসালিন অনুশীলন শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, 'আমার প্রথম লক্ষ্যই হচ্ছে একাদশে জায়গা পাওয়া।' মোরসালিন কি নিজেকে প্রমাণ করবেন, তিনি দেশের সেরা ফুটবলার? মোরসালিন বলেন, 'বিষয়টা সেরকম নয়। আমার সেরাটা দেওয়ার চেষ্টা করবো।'

ইত্তেফাক/জেডএইচ