ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম সোহাগের বিরুদ্ধে অনিয়ম, স্বেচ্ছাচারিতা ও দুর্নীতির অভিযোগ এনে অনাস্থা জানিয়েছেন ইউনিয়নের ১২ জন নির্বাচিত সদস্য। এ নিয়ে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ফরিদপুর জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগসহ স্মারকলিপি প্রদান করেছেন।
শুক্রবার (১৮ জুলাই) সকালে চুমুরদী ইউনিয়ন পরিষদ চত্বরে ইউপি সদস্য, ভুক্তভোগী নারী-পুরুষ ও স্থানীয় এলাকাবাসী এক বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেন। এ সময় তারা চেয়ারম্যানের অপসারণের দাবিতে নানা স্লোগান দেন এবং অভিযোগের বিবরণ তুলে ধরেন।
একাধিক ইউপি সদস্য জানান, চেয়ারম্যান রফিকুল ইসলাম সোহাগ পরিষদের সিদ্ধান্ত উপেক্ষা করে এককভাবে কাজ করেন। সরকারি প্রকল্পে স্বজনপ্রীতি, ত্রাণ বিতরণে অনিয়ম এবং সরকারি অর্থের সদ্ব্যবহারে ব্যর্থতার অভিযোগও রয়েছে।
এ বিষয়ে অভিযুক্ত চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম সোহাগ বলেন, আমার রাজনৈতিক প্রতিপক্ষ আমাকে হেয় প্রতিপন্ন করতে ষড়যন্ত্র করছে। বর্তমান প্রেক্ষাপটে কোনো চেয়ারম্যানই অনিয়মে জড়ানোর সুযোগ পান না।
এ বিষয়ে ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজানুর রহমান বলেন, চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা সংক্রান্ত একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
