ইউক্রেনের আক্রমণাত্মক হওয়া উচিত, বিশ্বাস করেন ট্রাম্প: রিপোর্ট

আপডেট : ১৮ জুলাই ২০২৫, ২১:০৪

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভলোদিমির জেলেনস্কিকে বলেছেন, ইউক্রেন প্রতিরক্ষামূলক অবস্থানে থেকে কিছুই অর্জন করবে না, আক্রমণাত্মক হতে হবে।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন ইউক্রেনীয় কর্মকর্তা মার্কিন দৈনিক দ্য ওয়াশিংটন পোস্টকে এ কথা বলেছেন।

সংবাদপত্রকে ইউক্রেনীয় কর্মকর্তা বলেন, '৪ জুলাই জেলেনস্কির সঙ্গে তার (ট্রাম্প) ফোনালাপে - ট্রাম্প বলেছিলেন, ইউক্রেন প্রতিরক্ষামূলক ভূমিকা পালন করে যুদ্ধের গতিপথ পরিবর্তন করতে পারবে না এবং আক্রমণাত্মক পদক্ষেপ নিতে হবে।'

সম্প্রতি একই কথপকথনের কথা সংবাদমাধ্যমগুলোতে এসেছিল, যেখানে ট্রাম্প জেলেনস্কিকে জিজ্ঞাসা করেছিলেন, 'ইউক্রেন কি মস্কো বা সেন্ট পিটার্সবার্গে বোমা হামলা করতে পারবে?'

ইউক্রেনীয় কর্মকর্তার মতে, জবাবে জেলেনস্কি বলেন, 'আমাদের যদি সঠিক অস্ত্র থাকে, তবে আমরা তা করতে পারি।'

কথোপকথনের বিস্তারিত বিবরণ পূর্বে দ্য ফিনান্সিয়াল টাইমস প্রকাশ করেছিল। তবে প্রতিবেদনগুলো আসার পর ১৫ জুলাই হোয়াইট হাউস জানায়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভ্লাদিমির জেলেনস্কিকে রাশিয়ার ভূখণ্ডের গভীরে নতুন হামলা চালানোর জন্য অনুরোধ করেননি, যার মধ্যে মস্কোর ওপর হামলার কথাও অন্তর্ভুক্ত।

ইত্তেফাক/এসকে