গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ইট বোঝাই ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে এনামুল হক (২০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
শুক্রবার (১৮ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের শ্রীরামপুর এলাকায় নলডাঙ্গা-রহমতপুর সড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত এনামুল হক রংপুরের মিঠাপুকুর উপজেলার রহমতপুর বৌউলবাড়ী গ্রামের বাসিন্দা। তিনি বেলাল হোসেনের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, এনামুল মোটরসাইকেলযোগে রহমতপুর থেকে নলডাঙ্গার দিকে যাচ্ছিলেন। পথে শ্রীরামপুর এলাকায় পৌঁছালে পিছন থেকে আসা একটি ইট বোঝাই ট্রাক্টর তাকে ওভারটেক করার সময় ধাক্কা দেয়। এতে এনামুল সড়কে ছিটকে পড়ে যান এবং ট্রাক্টরের পেছনের চাকায় পিষ্ট হন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজউদ্দিন জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে যায় এবং মরদেহ উদ্ধার করে। ঘাতক ট্রাক্টরটি জব্দ ও চালককে আটকের চেষ্টা চলছে।
