কক্সবাজারের টেকনাফে হোয়াইক্যং-শামলাপুর সড়ক থেকে সিএনজি অটোরিকশা চালক পাবেল চাকমাকে অপহরণ করে পাহাড়ে নিয়ে যায় দুর্বৃত্তরা। গুলিবর্ষণের মাধ্যমে অপহরণের পর ১০ ঘণ্টা পাহাড়ে আটক রাখে অপহরণকারীরা। পরে দেড় লাখ টাকা মুক্তিপণ দিয়ে ছাড়া পান তিনি।
অপহৃত পাবেল চাকমা হোয়াইক্যং ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের হরিখোলা গ্রামের চন্দ্র মনি চাকমার ছেলে।
ভুক্তভোগী পাবেল চাকমা জানান, শুক্রবার (১৮ জুলাই) সকালে শামলাপুর বাজারে সিএনজির সিরিয়াল দেওয়ার উদ্দেশ্যে রওনা হন। হোয়াইক্যং-শামলাপুর সড়কে একটি কাঠ রেখে রাস্তা অবরোধ করেছিল অপহরণকারীরা। বিষয়টি বুঝে পালানোর চেষ্টা করলে ডাকাতদল গুলি ছুড়ে এবং তাকে টেনে-হিঁচড়ে পাহাড়ে নিয়ে যায়।
অপহরণকারীরা প্রথমে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করলেও পরে পাবেলের পরিবারের কাছ থেকে দেড় লাখ টাকা আদায় করে। এরপর বিকেলে তাকে ছেড়ে দেয়।
তিনি বলেন, ডাকাতদলের সদস্য ছিল অন্তত ২০-২৫ জন। সবার হাতেই ছিল ভারী অস্ত্র।
বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক দুর্জয় বলেন, ঘটনার খবর পাওয়ার পর টেকনাফ থানা, হোয়াইক্যং ও বাহারছড়া তদন্ত কেন্দ্রের পুলিশ যৌথভাবে অভিযান চালায়। বিকেলে গহীন পাহাড় থেকে পাবেলকে উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, ঘটনার তদন্ত ও আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

