গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা ঘিরে সংঘর্ষ ও হামলার ঘটনায় প্রতিবেশী রাষ্ট্র ভারতের ষড়যন্ত্র রয়েছে বলে অভিযোগ করেছেন দলের যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব। তিনি বলেন, ভারতের সহায়তায় বাংলাদেশকে অস্থিতিশীল করতে ফ্যাসিস্ট আওয়ামী লীগ নানা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে।
শুক্রবার (১৮ জুলাই) জাতীয় প্রেসক্লাবের সামনে এনসিপি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা আয়োজিত বিক্ষোভ সমাবেশে এ কথা বলেন তিনি। সমাবেশটি গোপালগঞ্জে জুলাই যোদ্ধাদের ওপর হামলার প্রতিবাদে ও দায়ীদের শাস্তির দাবিতে আয়োজন করা হয়।
আরিফুল ইসলাম বলেন, ‘পরশু দিন গোপালগঞ্জে গণ–অভ্যুত্থানের নেতাদের ওপর যে সশস্ত্র হামলা হয়েছে, তার পেছনে প্রতিবেশী রাষ্ট্র দিল্লির হাত রয়েছে বলেই আমরা মনে করি।’ তিনি আরও বলেন, ‘আজ একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদনেই বলা হয়েছে, শেখ হাসিনার প্রত্যক্ষ নির্দেশেই এ হামলা হয়েছে। তিনি দিল্লিতে বসে বাংলাদেশের অভ্যন্তরে ষড়যন্ত্র করছেন, আর ভারত তাতে সহযোগিতা করছে।’
ভারতের পররাষ্ট্রসচিবের ‘গোপালগঞ্জ পরিস্থিতি পর্যবেক্ষণ’ সংক্রান্ত মন্তব্যের জবাবে এনসিপি নেতা বলেন, ‘আপনারা পর্যবেক্ষণ করবেন কেন? বরং দেখতে হবে, এই হামলায় ব্যবহার করা অস্ত্র সরবরাহে ভারত জড়িত কি না। এজন্য গভীর তদন্ত জরুরি।’
তিনি বলেন, ‘হামলার পরেও ফরিদপুর, রাজবাড়ী, মানিকগঞ্জসহ বিভিন্ন এলাকায় হাজার হাজার মানুষ এনসিপির ডাকে সাড়া দিয়েছে। এতে প্রমাণ হয়, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় এনসিপি একটি শক্তিশালী রাজনৈতিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করছে।’
গণ–অভ্যুত্থানের এক বছর পার হয়ে গেলেও সরকার এখনো ‘জুলাই ঘোষণাপত্র’ বাস্তবায়নে কোনো অগ্রগতি দেখায়নি বলে অভিযোগ করেন তিনি। আরিফুল ইসলাম বলেন, ‘জুলাই মাস শেষ হয়ে যাচ্ছে, কিন্তু মৌলিক সংস্কারের বিষয়ে সরকার কোনো উদ্যোগ নেয়নি। বিএনপিসহ কিছু দল এতে একমত না হলেও, আমরা স্পষ্ট করে বলছি—সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে নিরপেক্ষ করতে হলে মৌলিক সংস্কার ছাড়া কোনো বিকল্প নেই।’
তিনি ৩ আগস্টের মধ্যে ‘জুলাই সনদ’ জারি ও এর বাস্তবায়নে গণভোট আয়োজনের দাবি জানান।
বিক্ষোভ সমাবেশে আরিফুল ইসলাম আরও বলেন, ‘বাংলাদেশের প্রতিটি রাজনৈতিক দলের কর্মসূচি করার সাংবিধানিক অধিকার রয়েছে। যারা গোপালগঞ্জের হামলার পক্ষে যুক্তি দিচ্ছেন, তারা আসলে গণহত্যাকারী দলের পক্ষে উসকানিদাতা এবং মদদদাতা।’
সমাবেশে আরও বক্তব্য দেন এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক আলী নাসের খান, যুগ্ম সদস্যসচিব নিজাম উদ্দিন, কেন্দ্রীয় সংগঠক মোস্তাক আহমেদ, এস এম শাহরিয়ার, আকরাম হোসাইন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন এনসিপির কেন্দ্রীয় সংগঠক ও সমন্বয়ক এম এম শোয়াইব।
