চিনি আমদানিতে দুর্নীতি: ইন্দোনেশিয়ায় সাবেক বাণিজ্যমন্ত্রীর সাড়ে চার বছরের কারাদণ্ড

আপডেট : ১৯ জুলাই ২০২৫, ০২:৫৯

ইন্দোনেশিয়ার একটি আদালত দেশটির সাবেক বাণিজ্যমন্ত্রী থমাস ত্রিকাসিহ লেমবংকে সাড়ে চার বছরের কারাদণ্ড দিয়েছে। শুক্রবার (১৮ জুলাই) আদালতের রায়ে বলা হয়, লেমবং বাণিজ্যমন্ত্রী থাকাকালে অবৈধভাবে চিনি আমদানির অনুমতি দিয়েছিলেন, যার ফলে রাষ্ট্রের প্রায় ৩ কোটি ৬৮ লাখ ৪০ হাজার মার্কিন ডলার ক্ষতি হয়েছে।

থমাস লেমবং ২০১৫ ও ২০১৬ সালে তৎকালীন প্রেসিডেন্ট জোকো উইদোদোর মন্ত্রিসভায় দায়িত্ব পালন করেন। সেই সময় তাঁকে প্রেসিডেন্ট জোকোর ঘনিষ্ঠ সহযোগী হিসেবে দেখা হতো। তবে ক্ষমতা ছাড়ার পর তিনি সরকারের কঠোর সমালোচক হয়ে ওঠেন।

দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত হওয়ার পর লেমবং আদালতে বলেন, এই মামলার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে। তিনি অভিযোগ করেন, চলতি বছরের প্রেসিডেন্ট নির্বাচনে বিরোধী প্রার্থী আনিস বাসওয়েদানের প্রচারদলের নেতৃত্বে ছিলেন বলেই তাঁর বিরুদ্ধে হয়রানিমূলক মামলা করা হয়েছে।

তবে রাষ্ট্রপক্ষ এ দাবি নাকচ করে দিয়ে জানায়, মামলার ভিত্তি একান্তই দুর্নীতির প্রমাণ এবং এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই।

উল্লেখ্য, ২০১৫ সালে ইন্দোনেশিয়ায় চিনি উৎপাদন হয় ২৪ লাখ ৯ হাজার মেট্রিক টন, আর ব্যবহৃত হয় ২১ লাখ ২ হাজার টন। সেই প্রেক্ষিতেই আমদানি নিয়ে প্রশ্ন ওঠে। প্রেসিডেন্ট নির্বাচনের পর ক্ষমতাসীনদের সমর্থিত প্রার্থী প্রাবোও সুবিয়ান্তো বিপুল ব্যবধানে বিজয়ী হন। শপথ নেওয়ার কিছুদিন পরই লেমবংকে গ্রেপ্তার করা হয়।

বিশ্লেষকরা বলছেন, এই রায় ইন্দোনেশিয়ার রাজনৈতিক ও প্রশাসনিক অঙ্গনে আলোড়ন তুলেছে এবং সরকারের স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে পারে।

ইত্তেফাক/এএম