ইন্টার মায়ামির হয়ে টানা পাঁচ ম্যাচে জোড়া গোল করেছিলেন লিওনেল মেসি। ৬ষ্ঠ ম্যাচে পাননি গোল, দলও হেরেছিল। সপ্তম ম্যাচে আবারও জোড়া গোল করে দলকে জিতিয়েছেন আটবারের ব্যালন ডি'অর জয়ী এই ফুটবলার। সেইসঙ্গে ক্রিশ্চিয়ানো রোনালদোর একটি রেকর্ড ভেঙেছেন এই আর্জেন্টাইন মহাতারকা।
এমএলএসে নিউইয়র্কে রেড বুলসকে ৫-১ গোলে উড়িয়ে দেওয়ার ম্যাচে দুই গোল করেন মেসি। এতে পেনাল্টিবিহীন গোলে রোনালদোকে ছাড়িয়ে গেছেন এলএমটেন। রোনালদোর চেয়ে ১৬৭টি ম্যাচ কম খেলেই মেসির নন পেনাল্টি গোল এখন ৭৬৪, রোনালদোর ৭৬৩।
অবশ্য দুজনের ক্যারিয়ার চলমান থাকায় বারবারই রেকর্ডটির হাতবদল হতে পারে। যদিও সবমিলিয়ে ৯৩৮ গোল নিয়ে এখনও শীর্ষে আছেন সিআরসেভেন। অন্যদিকে সবমিলিয়ে মেসির গোল সংখ্যা ৮৭৪।
এ ছাড়া এমএলএসের ইতিহাসে পঞ্চম ফুটবলার হিসেবে দুই বছরে কমপক্ষে ৩৫টি গোল ও ২৫ অ্যাসিস্টের রেকর্ডও গড়েছেন মেসি। এই তালিকায় থাকা বাকিরা হলেন– রবি কিন (২০১৩-১৪), সেবাস্তিয়ান গিওভিনকো (২০১৫-১৬), কার্লোস ভেলা (২০১৮-১৯) ও কুচো হার্নান্দেজ (২০২৩-২৪)।
