দলের ফরোয়ার্ডদের ওপর থেকে ছাপ কমাতে একজন লেফট উইঙ্গার খুঁজছিলেন বার্সা বস হ্যান্সি ফ্লিক। এই তালিকায় কাতালানদের প্রথম পছন্দ ছিল স্প্যানিশ তারকা নিকো উইলিয়ামস। জল ঘোলা করে শেষমুহূর্তে আথলেটিকো বিলবাওয়ের সঙ্গে ১০ বছরের চুক্তি নবায়ন করেছেন তিনি।
তবে থেমে থাকেনি বার্সা। নতুন করে আবারও গুঞ্জন শুরু হয়েছে ইংলিশ ফরোয়ার্ড মার্কাস রাশফোর্ড দলে ভেড়াতে তদবির করছে বার্সা। কেননা লেফট এবং রাইট উইংয়ে সমানভাবে খেলতে পারেন ২৭ বছর বয়সী এই তারকা। যদিও রাশফোর্ডের সঙ্গে ২০২৭-২৮ মৌসুম পর্যন্ত চুক্তি আছে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের।
এবার সব গুঞ্জনের অবসান হলো। স্প্যানিশ সংবাদমাধ্যমগুলোর মতে লোনে ম্যানইউ থেকে বার্সেলোনায় আসছেন মার্কাস রাশফোর্ড। ইতিমধ্যে ম্যানইউর সঙ্গে বার্সার খেলোয়াড়ের বেতন এবং শর্তাবলি মেনে নিয়ে মৌখিক চুক্তি সম্পন্ন হয়েছে। বার্সেলোনা পরিচালক ডেকো জানান, খুব শিগগিরই ম্যানইউ তাকে বার্সেলোনায় ভ্রমণের অনুমতি দিবে এবং আগামী সপ্তাহে তার মেডিক্যাল টেস্ট সম্পূর্ণ হবে।

