নারায়ণগঞ্জের ফতুল্লায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা হরতালের সমর্থনে মধ্যরাতে টায়ারে আগুন জ্বালিয়ে মশাল মিছিল করে। এ সময় রুমিন, রায়হান ও আনোয়ার নামের তিনজনকে আটক করেছে পুলিশ।
শনিবার (১৯ জুলাই) দিবাগত রাতে ফতুল্লার ঢাকা-নারায়ণগঞ্জ লিঙ্ক রোডের ভূঁইগড় এলাকা এবং নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জ সড়কের কাশীপুর এলাকায় পৃথক দুটি মশাল মিছিল হয়। মিছিলকারীরা টায়ারে আগুন দিয়ে সড়কে প্রতিবাদ জানায় এবং সরকারবিরোধী স্লোগান দেয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ১২টার দিকে ভূঁইগড় বাজার এলাকা থেকে ১৫-১৬ জন যুবলীগ ব্যানারে মিছিল নিয়ে সাইনবোর্ডের দিকে যায়। পরে রাত ২টার দিকে আরও একটি মশাল মিছিল বের করে তারা। তবে পুলিশের গাড়ি দেখা মাত্র মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়।
অন্যদিকে রাত ১২টার দিকে কাশীপুর এলাকায় ১০-১২ জন ছাত্রলীগ নেতাকর্মী সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে। তবে মিছিলকারীরা কোনো যানবাহন বা স্থাপনায় আগুন দেয়নি।
পরে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ রুমিন, রায়হান ও আনোয়ার নামের তিনজনকে আটক করে। এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ওসি শরীফুল ইসলাম বলেন, তিনজনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, একই রাতে আওয়ামী লীগের ডাকা হরতালের প্রতিবাদে মিছিল করে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি।

