রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বাংলা বিভাগের শিক্ষার্থী মৌমিতা বিশ্বাস বুধবার (১৬ জুলাই) ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন। এতে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রের অবহেলা ও প্রশাসনের দায়িত্বহীনতার অভিযোগ এনে ৫ দফা দাবি নিয়ে মানববন্ধন করেছেন সাধারণ শিক্ষার্থীরা।
রোববার (২০ জুলাই) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের ভবনের সামনে তারা এ কর্মসূচি পালন করেন। পরবর্তীতে তাদের দাবিগুলো উপাচার্য সালেহ হাসান নকীব বরাবর হস্তান্তর করেন।
জানা গেছে, গত সোমবার ক্লাস শেষে প্রচণ্ড জ্বর অনুভব করেন। বুধবার (১৬ জুলাই) সকাল ৯টায় কুষ্টিয়ায় নিজ বাসায় পৌঁছানোর পর প্রচণ্ড বমি হয়। পরে দুপুর ১২টায় কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ বিষয়ে বাংলা বিভাগের শিক্ষার্থী নুরুজ্জামান বলেন, আমরা আর কোনো মৌমিতাকে হারাতে চায় না। আমরা প্রশাসনকে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছি। যদি না মানা হয় আমরা কঠোর অবস্হানে৷ যেতে বাধ্য হবো।
দাবির বিষয়ে রাবির ছাত্র উপদেষ্টা আমিরুল ইসলাম কনক বলেন, প্রশাসনের পক্ষ থেকে মশা নিধন কর্মসূচি ও চিকিৎসা কেন্দ্রের উন্নয়ন করার উদ্যোগ গ্রহণ এবং চিকিৎসকরা যেন শিক্ষার্থীদের সঙ্গে ভালো ব্যবহার করেন এবং ভালো মানের চিকিৎসা দেন, সেটির ব্যবস্থা করবেন।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের দেওয়া স্মারকলিপিতে যে দাবিদাওয়াগুলো আছে, সেগুলো প্রশাসনের সঙ্গে আলোচনা করে খুব শিগগিরই বাস্তবায়ন করার চেষ্টা করা হবে।

