জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও আশপাশের জলাধারগুলোতে জলজ জীববৈচিত্র্য রক্ষায় নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের ব্যবহার বন্ধে ব্যবস্থা নিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)।
রোববার (২০ জুলাই ২০২৫) জাবি উপাচার্য বরাবর পাঠানো ওই চিঠিতে বেলা উল্লেখ করে, চায়না দুয়ারি জাল দেশের প্রচলিত আইন অনুযায়ী নিষিদ্ধ, কারণ এর অতি সূক্ষ্ম ফাঁসে শুধু মাছই নয়, সাপ, ব্যাঙ, পোনা, জলজ কীটপতঙ্গ এমনকি মাছরাঙা ও বকের মতো পরিযায়ী পাখিও আটকে যন্ত্রণাদায়ক মৃত্যুবরণ করে। এতে জলজ খাদ্য শৃঙ্খল ও বাস্তুতন্ত্র ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
সম্প্রতি একটি জাতীয় দৈনিকে প্রকাশিত “জীববৈচিত্র্য মরণফাঁদে জড়িয়ে” শীর্ষক প্রতিবেদনের সূত্র ধরে বেলার নজরে আসে যে, জাহাঙ্গীরনগরের সিন্ধুরিয়া, মিরেরটেক, ডেইরি ফার্ম, বিশমাইল লেকসহ বিভিন্ন জলাধারে নিয়মিতভাবে এই জাল ব্যবহার করা হচ্ছে। প্রতিবেদনে দাবি করা হয়, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ইজারা দেওয়া লেকগুলোর ইজারাগ্রহীতারা এবং কিছু ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের কর্মচারীরাই এই জাল ব্যবহার করছেন।
বেলা চিঠিতে জানায়, ৪.৫ সেন্টিমিটারের চেয়ে ছোট ফাঁসবিশিষ্ট জাল ব্যবহার আইনত নিষিদ্ধ এবং দণ্ডনীয়। তাই চায়না দুয়ারি জালের ব্যবহারকারীদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া এবং অবিলম্বে এই জাল নিষিদ্ধ করার দাবি জানানো হয়েছে।
বেলার মতে, বিশ্ববিদ্যালয় এলাকাটি একটি গুরুত্বপূর্ণ পরিবেশগত অঞ্চল এবং জলাধারগুলোর জীববৈচিত্র্য টিকিয়ে রাখতে হলে এখনই কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
