পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার পরিবারের সাত সদস্যসহ মোট ২৩ জনের বিরুদ্ধে করা ছয়টি মামলার বিচারিক আদালতে বদলির আদেশ দিয়েছেন আদালত।
রোববার (২০ জুলাই) ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন এই আদেশ দেন বলে নিশ্চিত করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) পাবলিক প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম।
তিনি জানান, মামলাগুলোর বিচারিক কার্যক্রমের জন্য নতুন আদালত নির্ধারণ করা হয়েছে। অভিযুক্তদের আদালতে হাজির হওয়ার জন্য পত্রিকায় বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে। শিগগিরই মামলাগুলোর বিচার শুরু হবে।
এছাড়া, গত এপ্রিলে পৃথক তিনটি মামলায় শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, বোন শেখ রেহানা, ভাগ্নি টিউলিপ সিদ্দিক, আজমিনা সিদ্দিক ও ভাগ্নে রাদওয়ান মুজিব সিদ্দিক ববির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।
প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দুদক ইতিমধ্যে আদালতে অভিযোগপত্র জমা দিয়েছে। শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের ছাড়াও এসব মামলায় সাবেক গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদসহ আরও ১৬ জনকে আসামি করা হয়েছে।
দুদক ২০২৪ সালের ২৬ ডিসেম্বর শেখ হাসিনাসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে। অভিযোগ রয়েছে, পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাচল প্রকল্পে ৬০ কাঠা জমির প্লট বরাদ্দ নেওয়া হয়। এই অভিযোগের ভিত্তিতে দুদক গত ১০ মার্চ ছয়টি মামলার অভিযোগপত্র অনুমোদন দেয়।
