টেকনাফে বসতঘরে মিললো ক্রিস্টাল আইস ও বিদেশি অস্ত্র, আটক ১

আপডেট : ২১ জুলাই ২০২৫, ০৯:২২

টেকনাফ পৌরসভার উত্তর জালিয়াপাড়ায় অভিযান চালিয়ে ক্রিস্টাল মেথ (ক্রিস্টাল আইস) ও একটি বিদেশি পিস্তলসহ এক মাদক কারবারিকে আটক করেছে বিজিবি।

রোববার (২০ জুলাই) বিকেলে এ অভিযান পরিচালনা করা হয়।

আটক মাদক কারবারি টেকনাফ জালিয়া পাড়ার মিলিংগার ছেলে করিম (৩৩)। বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবির) অধিনায়ক লেফটেন্ট্যান্ট কর্নেল আশিকুর রহমান।

বিজিবি জানায়, গোপন তথ্যের ভিত্তিতে সংস্থাটির কাছে খবর আসে চোরাকারবারিরা মিয়ানমার থেকে সমুদ্রপথে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও অস্ত্র এনে টেকনাফ পৌরসভা ৭ নম্বর ওয়ার্ডে উত্তর জালিয়া পাড়া এলাকার একটি বসতবাড়িতে মজুদ করেছে। ওই তথ্য অনুযায়ী রোববার বিকেলে বিজিবির একাধিক বিশেষায়িত দল নিয়ে জালিয়াপাড়া এলাকায় বাড়িটির চারদিক ঘিরে ফেলে।

এ সময় করিমের বসতবাড়িতে প্রবেশ করলে চোরাকারবারিরা বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। ধাওয়া দিয়ে একজনকে ধরতে সক্ষম হয় বিজিবি। তবে আরও দুজন পালিয়ে যায়। পরে আটক  করিমের দেওয়া তথ্যমতে তার বসত বাড়ির খাটের নীচে অভিনব পদ্ধতিতে লুকায়িত অবস্থায় ০ দশমিক ৮১৬ গ্রাম নিষিদ্ধ ঘোষিত ক্রিস্টাল মেথ আইস এবং একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।

লেফটেন্ট্যান্ট কর্নেল আশিকুর রহমান বলেন, অভিযান শেষে আটক ও পলাতক আসামিদের বিরুদ্ধে প্রচলিত আইনে টেকনাফ মডেল থানায় মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন। মাদক ও অস্ত্রচালানসহ যেকোনো ধরণের অপরাধ রুখতে বিজিবির অভিযান অব্যাহত থাকবে। 

ইত্তেফাক/এপি