নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শেখ আহমদ মিয়া ওরফে শেকা মিয়া (৫৩) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এলাকায় কবর খোঁড়ার কারণে সবার কাছে পরিচিত ছিলেন তিনি।
তিনি নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চর জুবলী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের চেরামত আলী দফাদারবাড়ির বাসিন্দা।
রোববার (২০ জুলাই) সন্ধ্যায় নিজ বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, এলাকায় কবর খোঁড়ার কারণে সবার কাছে পরিচিত শেখ আহমদ মিয়া। নিজ ও আশপাশের গ্রামের কেউ মারা গেছেন শুনলেই কবর খুঁড়তে ছুটে যেতেন তিনি। এর বিনিময়ে তিনি কোনো পারিশ্রমিক নিতেন না। চার শতাধিক মানুষের কবর খুঁড়েছেন তিনি।
স্থানীয় বাসিন্দা মুজাহিদুল ইসলাম সংবাদমাধ্যমকে বলেন, ‘গতকাল শেখ আহমদ নিজ বাড়িতে একটি টিউবওয়েল বসান। সন্ধ্যায় সেখানে বিদ্যুতের বাতি লাগানোর কাজ করছিলেন। এ সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে বাড়ির লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
চর জুবলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. ইব্রাহিম খলিল বলেন, কবর খোঁড়া অনেকটা নেশা ছিল শেখ আহমদের কাছে। নিখুঁতভাবে তিনি কবর খুঁড়তেন। পরিবারের তথ্য অনুযায়ী, জীবদ্দশায় চার শতাধিক মানুষের কবর খুঁড়েছেন তিনি।
চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহিন মিয়া বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা থানায় কেউ অবহিত করেনি। তবে পরে তিনি খোঁজ নিয়ে বিষয়টি জেনেছেন। দুর্ঘটনার বিষয়ে পরিবারের কোনো অভিযোগ নেই।
