এবার ভুটানের লিগে খেলতে গেলেন তহুরা ও শামসুন্নাহার জুনিয়র

আপডেট : ২১ জুলাই ২০২৫, ১৩:০৬

জাতীয় দলের হয়ে আলো ছড়িয়ে এবার বিদেশের লিগে ডাক পেয়েছেন দুই নারী ফুটবলার তহুরা খাতুন ও শামসুন্নাহার জুনিয়র। দুজনেই ভুটানের লিগে খেলতে রওনা দিয়েছেন। ভুটানের উইমেন’স লিগের দল রয়্যাল থিম্পু কলেজ এফসির হয়ে খেলবেন এই দুই নারী ফুটবলার।

এ নিয়ে দেশটির লিগে অংশ নেওয়া বাংলাদেশের নারী ফুটবলারের সংখ্যা দাঁড়াল ১২ জন। প্রথম দফায় ভুটানের নারী লিগে খেলতে দেশটিতে যান সাবিনা খাতুন, ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমা ও মাতসুশিমা সুমাইয়া। তারা সবাই খেলছেন পারো এফসির হয়ে। এরপর তাদের সঙ্গে যোগ দেন মারিয়া মান্দা, সানজিদা খাতুন, মাসুরা পারভীন, রুপনা চাকমা ও শামসুন্নাহার সিনিয়র।

সানজিদা, মারিয়া ও শামসুন্নাহার সিনিয়র খেলছেন থিম্পু সিটির হয়ে এবং মাসুরা ও টানা দুই উইমেন’স সাফ চ্যাম্পিয়নশিপে সেরা গোলকিপারের পুরস্কার জেতা রুপনা ও কৃষ্ণা খেলছেন ট্রান্সপোর্ট ইউনাইটেডের হয়ে।

ভুটানের লিগে খেলতে যাওয়ার বিষয়টি জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে তহুরা লিখেছেন, 'ভুটানের উদ্দেশে রওনা দিচ্ছি। নতুন পথচলা; সবাই দোয়া করবেন।'

সদ্য শেষ হওয়া নারী এশিয়ান কাপ বাছাইয়ে জাতীয় দলের হয়ে আলো ছড়ান তহুরা, শামসুন্নাহার জুনিয়র। দুজনেই ৩টি করে গোল করেন। বাছাই পেরিয়ে প্রথমবারের মতো এশিয়ান কাপের মূল পর্বে উঠেছে বাংলাদেশও।

ইত্তেফাক/জেডএইচ