ইন্দোনেশিয়ায় ফেরিতে আগুন লেগে ৩ জনের মৃত্যু, সাগরে ঝাঁপিয়ে পড়লেন যাত্রীরা

আপডেট : ২১ জুলাই ২০২৫, ১৫:৪৮

ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপের কাছে একটি ফেরিতে আগুন লাগার পর তিন জন নিহত এবং ৫০০ জনেরও বেশি যাত্রীকে উদ্ধার করা হয়েছে।

দেশটির উপকূলরক্ষী বাহিনী জানিয়েছে, তালাউড দ্বীপপুঞ্জ জেলার মেলোঙ্গুয়ান বন্দর থেকে উত্তর সুলাওয়েসি প্রদেশের রাজধানী মানাডো শহরের দিকে যাত্রা করার সময় আগুন লাগার পর 'কেএম বার্সেলোনা ৫' নামক ফেরি থেকে লাফিয়ে পড়েন যাত্রীরা।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবি এবং ভিডিওতে দেখা গেছে, জ্বলন্ত জাহাজ থেকে কমলা রঙের আগুন এবং কালো ধোঁয়া বের হচ্ছে। আতঙ্কিত যাত্রীরা সমুদ্রে ঝাঁপিয়ে পড়ছেন - যাদের বেশিরভাগই লাইফ জ্যাকেট পরা ছিল।

মানাডো উদ্ধার সংস্থার প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে, একটি কোস্টগার্ড জাহাজ ফেরিতে পানি ছিটিয়ে দিচ্ছে।

ইন্দোনেশিয়ার কর্তৃপক্ষ প্রথমে দুর্ঘটনায় পাঁচ জনের মৃত্যুর কথা জানিয়েছিল। কিন্তু পরে মৃত বলে প্রাথমিকভাবে রিপোর্ট করা দুই যাত্রীকে হাসপাতালে নেওয়ার পর সংখ্যা সংশোধন করে তিন জন করা হয়।

সোমবার এক বিবৃতিতে জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থা জানিয়েছে, ফেরিটি থেকে কমপক্ষে ৫৬৮ জনকে উদ্ধার করা হয়েছে।

মানাডো নৌবাহিনীর ঘাঁটির প্রধান ফ্রাঙ্কি পাসুনা সিহোম্বিং অ্যাসোসিয়েটেড প্রেস সংবাদ সংস্থাকে জানিয়েছেন, উদ্ধার অভিযানে একটি উপকূলরক্ষী জাহাজ, ছয়টি উদ্ধারকারী জাহাজ এবং বেশ কয়েকটি নৌকা মোতায়েন করা হয়েছে। আগুনের সূত্রপাত ওপরের ডেক থেকে হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

প্রায় ১৭ হাজার দ্বীপের দক্ষিণ-পূর্ব এশীয় দেশটিতে সামুদ্রিক দুর্ঘটনা একটি নিয়মিত ঘটনা। মাত্র কয়েক সপ্তাহ আগে জনপ্রিয় রিসোর্ট দ্বীপ বালিতে খারাপ আবহাওয়ার কারণে আরেকটি ফেরি ডুবে যায়। যেখানে কমপক্ষে ১৯ জন নিহত হয়েছিল।

ইত্তেফাক/এসকে