আফরিদপুরের ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের ব্রাহ্মণপাড়া গ্রামে মিম আক্তার (১৮) নামের এক প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২১ জুলাই) সকালে শ্বশুরবাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়। মিম আক্তার সৌদি প্রবাসী হৃদয় গাজীর স্ত্রী।
পারিবারিক সূত্রে জানা যায়, দেড় বছর আগে মোবাইল ফোনের মাধ্যমে মিম আক্তারের সঙ্গে সৌদি প্রবাসী হৃদয় গাজীর বিয়ে হয়। বিয়ের পর থেকে হৃদয় দেশে ফিরে আসেননি। মিমের শ্বশুর ঢাকায় থাকেন এবং শাশুড়ি কিছুদিন আগে চিকিৎসার জন্য ঢাকায় গেছেন। এ অবস্থায় বাড়িতে আর কেউ ছিল না।
রোববার রাত ১০টার দিকে রাতের খাবার খেয়ে প্রতিবেশী ননদের মেয়ে আনিসাকে নিয়ে নিজ ঘরে ঘুমিয়ে পড়েন মিম। সোমবার ভোরে আনিসা ঘুম থেকে উঠে মামীকে ঘরের আড়ার সঙ্গে ওড়না প্যাঁচানো ঝুলন্ত অবস্থায় দেখতে পান। চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে আসেন এবং বিষয়টি ভাঙ্গা থানা পুলিশকে জানানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।
ভাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আজাদুজ্জামান জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
