রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। সোমবার (২১ জুলাই) দুপুরে বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭ বিজেআই প্রশিক্ষণ বিমান উত্তরার মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে বিধ্বস্ত হয় বলে নিশ্চিত করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
সরেজমিনে দেখা যায়, বিমানটি মাইলস্টোন কলেজের হায়দার আলী ভবনের পশ্চিমমুখী প্রধান ফটকে সোজা আছড়ে পড়ে। এরপর ভবনটির নিচতলায় এক পাশে ঢুকে অন্য পাশ দিয়ে বেরিয়ে যায়, ফলে ভবনটি কার্যত এফোঁড়-ওফোঁড় হয়ে যায়।
ভবনটির ফটকের নিচে সাধারণত স্কুল স্টাফদের বসার জায়গা ও কক্ষ থাকে। প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীদের মতে, দুর্ঘটনার সময় স্টাফরা সেখানে অবস্থান করছিলেন। বিধ্বস্ত বিমানটি সেই কক্ষগুলোকে পুরোপুরি ধ্বংস করে দেয়।
বিমান বিধ্বস্ত হওয়ার পরপরই ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, বিজিবি, রেড ক্রিসেন্ট, থানা পুলিশ এবং স্বেচ্ছাসেবীরা যৌথভাবে উদ্ধার অভিযানে অংশ নেন। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মীরা বিভিন্ন যন্ত্রের সাহায্যে বিধ্বস্ত বিমানটির অংশ কাটতে দেখা গেছে।
বেলা ৩টার দিকে একটি অ্যাম্বুলেন্স থেকে একটি মরদেহ লাশবাহী ব্যাগে করে বের করতে দেখা যায়। এছাড়াও বহু আহত ব্যক্তিকে আশঙ্কাজনক অবস্থায় বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে অনেকে বর্তমানে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও সিএমএইচে চিকিৎসাধীন।
বিধ্বস্তের ঘটনার পর থেকে মাইলস্টোন স্কুল ও কলেজের সামনে অভিভাবকদের ভিড় লেগে আছে। অনেকেই তাদের সন্তান ও স্বজনদের খোঁজে ছুটে এসেছেন। কেউ কেউ কান্নায় ভেঙে পড়েছেন।
লাকি আক্তার নামে এক অভিভাবক জানান, তাঁর দুই সন্তান মাইলস্টোন স্কুলে পড়ে। বড় ছেলেকে উদ্ধার করা গেলেও ছোট ছেলের কোনো খোঁজ নেই এখনো।
রিপন নামে এক ব্যক্তি বলেন, তাঁর ভাগনে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। ক্লাস শেষে বের হওয়ার প্রস্তুতির সময়ই দুর্ঘটনা ঘটে।
