নরসিংদীতে দুই গ্রুপের সংঘর্ষে গৃহবধুর মৃত্যু

আপডেট : ২১ জুলাই ২০২৫, ১৭:৪৪

নরসিংদীর রায়পুরা উপজেলার সায়দাবাদে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে মোমেনা খাতুন (৫০) নামে এক গৃহবধুর মৃত্যু হয়েছে। সোমবার (২১ জুলাই) সকালে উপজেলার শ্রীনগর ইউনিয়নের সায়দাবাদ এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত মোমেনা খাতুনের পরিবারের দাবী, গুলির আঘাতে তিনি মারা গেছেন। তিনি একই গ্রামের আক্তার মিয়ার স্ত্রী।

স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শ্রীনগর ইউনিয়নের সায়দাবাদ এবং বালুরচর এলাকার মধ্যে কোন্দল চলছিলো। তার জেরেই সোমবার ভোরে বালুর চরের লোকজন সায়দাবাদ গ্রামে এসে অতর্কিত হামলা চালায়। এ সময় সায়দাবাদ গ্রামের মোমেনা খাতুন নামে এক গৃহবধূর মৃত্যু হয়।

রায়পুরা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) প্রবীর কুমার ঘোষ মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। সহিংসতা এড়াতে এলাকায় প্রয়োজনীয় সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। 

ইত্তেফাক/এএইচপি