খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে জাকির হোসেন (৪০) নামে এক ব্যবসায়ীর নিহত হয়েছেন। সোমবার (২১ জুলাই) রাত সোয়া ৯টার দিকে নগরীর নিরালা কাঁচা বাজারের পাশে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত জাকির বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার লতিফ হাওলাদারের ছেলে।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম হত্যাকাণ্ডের ঘটনাটি নিশ্চিত করেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সোমবার রাত সোয়া ৯টার দিকে নগরীর নিরালা কাঁচাবাজার সংলগ্ন এলাকায় অজ্ঞাত দুর্বৃত্তরা জাকির হোসেনকে ছুরি দিয়ে আঘাত করে। তিনি আহত অবস্থায় দৌঁড়ে নিরালা মোড়ের কাছে গিয়ে পড়ে যান। এ সময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
স্থানীয়রা জানান, নিহত জাকির হোসেন নগরীর নিরালা আবাসিক এলাকার ৬ নম্বর রোডের ৩০৬ নম্বর প্লটের রওশন ম্যানশনের তৃতীয় তলার ভাড়াটিয়া। মশার কয়েলের ব্যবসা করতেন তিনি।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহত জাকিরের মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ হত্যার কারণ ও হত্যাকারীদের শনাক্তের চেষ্টা করছে।
