জাতীয় শোকের দিনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত

আপডেট : ২২ জুলাই ২০২৫, ১১:০৬

উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে বহু হতাহতের ঘটনায় মঙ্গলবার (২২ জুলাই) দেশজুড়ে পালিত হচ্ছে রাষ্ট্রীয় শোক। এ উপলক্ষে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সারাদেশে অনুষ্ঠিতব্য তাদের সব পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে।

বিশ্ববিদ্যালয়ের এক জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আজকের নির্ধারিত পরীক্ষাগুলো আপাতত স্থগিত করা হয়েছে। স্থগিত হওয়া পরীক্ষার পরবর্তী সময়সূচি যথাসময়ে জানিয়ে দেওয়া হবে।

এর আগে একই দুর্ঘটনার প্রেক্ষিতে আজকের এইচএসসি ও সমমানের পরীক্ষাও স্থগিত করা হয়। রুটিন অনুযায়ী আজ রসায়নের (তত্ত্বীয়) দ্বিতীয় পত্র, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি দ্বিতীয় পত্র, ইতিহাস দ্বিতীয় পত্র, গৃহ ব্যবস্থাপনা ও পারিবারিক জীবন দ্বিতীয় পত্র এবং উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন দ্বিতীয় পত্রের পরীক্ষা হওয়ার কথা ছিল।

সোমবার (২১ জুলাই) দুপুরে রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। সর্বশেষ তথ্য অনুযায়ী, এ ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত ২৭ জন এবং আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও ৭৮ জন।

এই মর্মান্তিক ঘটনায় শোক প্রকাশ করে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির পক্ষ থেকেও আজকের সব পরীক্ষা স্থগিতের ঘোষণা দেওয়া হয়েছে। এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুর্ঘটনায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের জানমালের গুরুতর ক্ষতি হওয়ায় আজকের দিনটি জাতীয় শোক হিসেবে ঘোষণা করেছে সরকার। ফলে, দেশের সব শিক্ষা বোর্ডের আওতায় অনুষ্ঠিতব্য এইচএসসি ও সমমানের পরীক্ষাগুলো স্থগিত করা হয়েছে। পরীক্ষার নতুন সময়সূচি পরবর্তীতে প্রকাশ করা হবে।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. মামুন অর রশিদ প্রথম আলোকে রাতেই পরীক্ষার স্থগিতাদেশের বিষয়টি নিশ্চিত করেন। এছাড়া যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং তথ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলমও সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি জানিয়ে দেন।

ইত্তেফাক/টিএইচ