মাইলস্টোন ট্র্যাজেডি: তানবীর ও মেহেনাজের শেষ বিদায়ে অঝোরে কাঁদলেন স্বজনরা

আপডেট : ২২ জুলাই ২০২৫, ১২:৪৭

ঢাকার উত্তরায় দিয়াবড়িতে মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনায় নিহত ৮ম শ্রেণীর ছাত্র তানবীর আহমেদ (১৪) এবং তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী মেহেনাজ আক্তার হুমাইরার (৮) দাফন টাঙ্গাইলে সম্পন্ন হয়েছে। তাদের শেষ বিদায়ে স্বজনদের গগনবিদারী কান্নায় ভারী হয়ে ওঠে আশপাশের পরিবেশ। 

মঙ্গলবার (২২ জুলাই) তানবীরের মরদেহ গ্রামের বাড়ি টাঙ্গাইলের মির্জাপুরের নয়াপাড়া নগরভাতগ্রাম এবং মেহেনাজকে সখীপুরের কেরানীপাড়ায় দাফন করা হয়েছে। জানাজা শেষে দাফনের পরপর ওই এলাকার আশপাশের পরিবেশ স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে। অঝোরে কাঁদতে থাকেন তাদের স্বজনরা। 

তানবীরের পিতার রুবেল মিয়া এবং মা লিপি বেগম  বারবার মূর্ছা যাচ্ছেন।

এর আগে মঙ্গলবার সকালে ঢাকা থেকে তানবীরের মরদেহ গ্রামে এসে পৌঁছালে এক হৃদয় বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। সকাল ১০টায় নামাজে জানাজা শেষে তাকে দাফন করা হয়েছে। জানাজায় এলাকার হাজারো মানুষের ঢল নামে।

নিহত তানবীরের বাবা রুবেল মিয়া কান্নায় ভেঙ্গে পড়েন। তিনি জানান, সন্তানকে ভালো লেখাপড়া ও সুশিক্ষায় শিক্ষিত করে তোলার জন্য মাইলস্টোন কলেজে ভর্তি করেছিলাম। আমার সব স্বপ্ন আজ ভেঙ্গে গেল। ছেলেকে হারিয়ে পুরো পরিবার তছনছ হয়ে গেল।

অন্যদিকে সকাল ৯টায় সখীপুর উপজেলার কেরানীপাড়া গাবলের বাজার মাঠে শিশু কন্যা তৃতীয় শ্রেণির শিক্ষার্থী মেহেনাজ আক্তার হুমাইরার নামাজে জানাজা সম্পন্ন হয়। জানাজায় হাজারো মানুষের ঢল নামে। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। তার বাবা দেলোয়ার হোসেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক। 

ইত্তেফাক/এপি